পশ্চিমবঙ্গে বিজেপির বিরুদ্ধে জোট গঠন করতে যাচ্ছেন মমতা
অনলাইন ডেস্ক, বাংলাদেশ - Saturday, May 9, 2026 13
অনলাইন ডেস্ক : পশ্চিমবঙ্গে নবনির্বাচিত বিজেপি সরকারকে মোকাবিলা করতে এবার বাম ও অতিবামদের সঙ্গে জোট বাঁধার প্রকাশ্য আহ্বান জানালেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার কালীঘাটে নিজ বাসভবনের সামনে রবীন্দ্রজয়ন্তীর এক অনুষ্ঠান মঞ্চ থেকে তিনি এই রাজনৈতিক ঐক্যের ডাক দেন।
বিজেপির ক্ষমতা দখলের পরপরই রাজ্যে কথিত ‘সন্ত্রাস ও নৈরাজ্য’ শুরু হয়েছে বলে অভিযোগ তুলেছেন মমতা। তিনি বলেন, “বিজেপি ক্ষমতায় আসতেই বাংলায় সন্ত্রাসের বজ্রপাত চলছে। লুম্পেনগিরি ও গুন্ডামি করা হচ্ছে। এই অবস্থায় বিজেপিকে রুখতে হলে লেফটিস্ট, আল্ট্রা-লেফট সবাইকে নিয়ে আমাদের জোট বাঁধতে হবে।”
বামপন্থীদের সঙ্গে দীর্ঘদিনের রাজনৈতিক তিক্ততা ভুলে মমতা স্পষ্ট জানান, এই মুহূর্তে বৃহত্তর স্বার্থে তাঁর কোনো ‘ইগো’ বা অহংবোধ নেই। তিনি বলেন, “বামদের নিয়ে আমার কোনো ইগো নেই। বিজেপির বিরোধিতায় আমি বাম ও অতিবামদের সঙ্গে হাত মেলাতে রাজি। এমনকি তারা যদি কথা বলতে চায়, আমি সময় দিতেও প্রস্তুত।”
বাংলার সকল রাজনৈতিক বিরোধী দলগুলোর প্রতি সরাসরি আবেদন জানিয়ে তিনি আরও বলেন, “ভয় না পেয়ে বাংলার যত রাজনৈতিক দল আছে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমি আবেদন জানাচ্ছি—যদি মনে হয় এই আবেদন গ্রহণযোগ্য, তবে গ্রহণ করবেন। এটা আপনাদের অধিকার।”
তবে তৃণমূল নেত্রীর এই নাটকীয় আহ্বানের পর শনিবার সন্ধ্যা পর্যন্ত বাম বা অতিবাম দলগুলোর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মমতার এই ‘বিজেপি বিরোধী মঞ্চ’ গড়ার ডাক পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।
