রাজনীতি

প্রিয় সোনামণি রামিসা, তোমার কাছে মানবতা লজ্জিত: জামায়াত আমির

অনলাইন ডেস্ক, বাংলাদেশ - Thursday, May 21, 2026 8

অনলাইন ডেস্ক : রাজধানীর মিরপুরে দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রী শিশু রামিসা আক্তারকে নৃশংসভাবে হত্যার ঘটনায় গভীর ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বুধবার (২০ মে) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

 

ফেসবুক পোস্টে জামায়াতের আমির লেখেন, ‘প্রিয় সোনামণি রামিসা, তোমার কাছে মানবতা লজ্জিত। তুমি নিষ্পাপ ছিলে। তুমি এখনো বৃন্ত থেকে পুরোপুরি ফোটোনি। তুমি ছিলে তোমার মা-বাবা ও বোনের চোখজুড়ানো হৃদয়ের আবেগ ও ভালোবাসামাখা ভবিষ্যতের এক অপূরণীয় স্বপ্ন।’

 

হত্যাকারীর প্রতি তীব্র ঘৃণা প্রকাশ করে তিনি আরও লেখেন, ‘তুমি চলে গেছ—তোমার চলে যাওয়াটা হায়েনার লালসার কাছে হার মানেনি। ওই হায়েনাটাই চিরদিন লানতের পাত্র হয়ে থাকবে। আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার এবং এই নরপশু হত্যাকারীর শাস্তি অতি দ্রুত দেখতে চাই।’

 

ডা. শফিকুর রহমান নিহত শিশুর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে লেখেন, ‘আল্লাহ তা’আলা রামিসাকে জান্নাতের পাখি হিসেবে কবুল করুন। তার পিতা-মাতা, বোন এবং আপনজনকে ধৈর্য ধরার তাওফিক দিন। আমিন।’

 

এর আগে মঙ্গলবার সকালে মিরপুরের পল্লবী এলাকার একটি বাসা থেকে রামিসা আক্তারের খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘরের খাটের নিচ থেকে তার মাথাবিহীন দেহ এবং বাথরুম থেকে খণ্ডিত মাথাটি উদ্ধার করা হয়। নিহত রামিসা স্থানীয় পপুলার স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।

 

পুলিশ সূত্রে জানা গেছে, শিশুটি বিকৃত যৌন লালসার শিকার হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নির্যাতন ও রক্তক্ষরণের বিষয়টি জানাজানি হওয়ার ভয়ে তাকে শ্বাসরোধে হত্যা করা হতে পারে। পরে মরদেহ গুম করার উদ্দেশ্যে মাথাটি কেটে বিচ্ছিন্ন করা হয়।

 

এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান অভিযুক্ত জাকির হোসেন ওরফে সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের সর্বোচ্চ শাস্তির প্রক্রিয়া চলছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

এই বিভাগের আরও খবর