রাশিয়ার ভয়াবহ হামলায় নিহত বেড়ে ১৮
অনলাইন ডেস্ক, বাংলাদেশ - Tuesday, June 2, 2026 2
অনলাইন ডেস্ক : ইউক্রেনজুড়ে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১৮ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। মঙ্গলবার (২ জুন) ইউক্রেনের বিমান বাহিনী জানায়, রাতভর রাশিয়া ৬৫৬টি ড্রোন এবং ৭৩টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। হামলার প্রধান লক্ষ্য ছিল রাজধানী কিয়েভ, মধ্যাঞ্চলীয় শহর দনিপ্রো এবং পূর্বাঞ্চলীয় শহর পোলতাভা, খারকিভ ও জাপোরিঝিয়া।
বাহিনীটি আরও দাবি করেছে, তারা ৪০টি ক্ষেপণাস্ত্র এবং ৬০২টি ড্রোন ধ্বংস বা নিষ্ক্রিয় করতে সক্ষম হয়েছে। কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানান, রাজধানীতে অন্তত ৬ জন নিহত এবং ৬৬ জনের বেশি আহত হয়েছেন, যাদের মধ্যে দুইজন শিশুও রয়েছে।
মধ্য ইউক্রেনের দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের গভর্নর ওলেক্সান্দর গানঝা জানান, সেখানে অন্তত ১২ জন নিহত এবং ৩৬ জন আহত হয়েছেন। উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ শহরে মেয়র ইহোর তেরেখভ জানান, সেখানে অন্তত ১৫ জন আহত হয়েছেন, যার মধ্যে রয়েছে একজন শিশু।
এই হামলার পর যুক্তরাষ্ট্রের কাছে সামরিক সহায়তার নতুন আহ্বান জানিয়েছেন জেলেনস্কি। তিনি বলেন, ইউরোপের নিজস্ব ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন এবং প্যাট্রিয়ট ব্যবস্থার জন্য যুক্তরাষ্ট্রের সহায়তা অপরিহার্য।
এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা ইউক্রেনের সামরিক শিল্প স্থাপনাগুলো লক্ষ্য করে ‘নির্ভুল অস্ত্র’ ব্যবহার করেছে এবং কিয়েভসহ বিভিন্ন অঞ্চলে সামরিক অবকাঠামো ও জ্বালানি-পরিবহন স্থাপনায় হামলা চালানো হয়েছে।
এদিকে রাশিয়াতেও হামলা চালিয়েছে ইউক্রেন। কুরস্ক অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় একজন নিহত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় গভর্নর। অন্যদিকে দক্ষিণ-পশ্চিম রাশিয়ার ক্রাসনোদার শহরে একটি তেল শোধনাগারে ড্রোন হামলার পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সূত্র: আল জাজিরা
