লন্ডনে রেস্টুরেন্টে বসে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এর আইডিয়া পান প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক, বাংলাদেশ - Saturday, May 2, 2026 5
অনলাইন ডেস্ক : দেশে খুদে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করতে চালু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’। শনিবার (০২ মে) সিলেট জেলা স্টেডিয়ামে বিকেল ৪টায় 'নতুন কুঁড়ি স্পোর্টস' প্রতিযোগিতা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানেই তিনি জানান এই কর্মসূচির আইডিয়ার পেছনের গল্প।
প্রধানমন্ত্রী জানান, সাড়ে চার বছর আগে বর্তমান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক লন্ডনে গিয়ে দেখা করেন তার সঙ্গে। রেস্টুরেন্টে খাবার টেবিলে বসে নতুন কুঁড়ি স্পোর্টস চালু করার চিন্তা মাথায় আসে, যেন খুদে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করা যায়।
প্রধানমন্ত্রী বলেন, শিশুদেরকে বাংলাদেশের দায়িত্ব নিতে হবে। কারণ শিশুরাই দেশের ভবিষ্যত। আর খেলাধুলার মাধ্যমে এই খেলোয়াড়রা একসময় বাংলাদেশকে বিশ্বের সামনে তুলে ধরবে এবং দেশের প্রতিনিধিত্ব করবে বলে আশাবাদ। শুধু খেলাধুলাতেই নয়, সকল পেশাতেই বিশ্বের সেরা হতে হবে। পড়ালেখা অবশ্যই করতে হবে, পড়ালেখা নিয়ে কোন ছাড় নেই। তবে পড়ালেখার পাশাপাশি অবশ্যই খেলতে হবে।
তারেক রহমান আরও বলেন, শিশুদেরকে আগামীর বাংলাদেশের দায়িত্ব নিতে হবে এবং সে অনুযায়ী নিজেদেরকে গড়ে তুলতে হবে। আর এজন্য ভালোমত পড়তে হবে আর ভবিষ্যতের জন্য নিজেকে তৈরি করতে হবে। যে যেটা হতে চায় সেই লক্ষ্য অনুযায়ী এগিয়ে যেতে হবে। সরকার সাহায্য করবে সব রকমের।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, খেলাধুলাকে একটি পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
আজকের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী খুদে প্রতিযোগীদেরকে অনুষ্ঠানের চিফ গেস্ট হিসেবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। মাঠে তারা যে প্রদর্শনী দেখিয়েছেন তাতে মুগ্ধতা প্রকাশ করেন তিনি।
বক্তব্য শেষ করে 'নতুন কুঁড়ি স্পোর্টস' প্রতিযোগিতার লোগো ও ট্রফি উন্মোচন করেন প্রধানমন্ত্রী। এ সময় দেশের সব জেলা স্টেডিয়ামে থাকা খুদে প্রতিযোগীরা ভার্চুয়ালি যুক্ত হন। দেশের তৃণমূল পর্যায় থেকে ভবিষ্যৎ ক্রীড়া প্রতিভা খুঁজে বের করার লক্ষ্যে এই কর্মসূচি বাস্তবায়ন করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
১২ থেকে ১৪ বছর বয়সী শিক্ষার্থীরা 'নতুন কুঁড়ি স্পোর্টস' প্রতিযোগিতায় ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, সাঁতার ও মার্শাল আর্ট -এই আটটি খেলায় অংশ নিতে পারবে।
