সম্ভাব্য চুক্তির তথ্য ফাঁস, ইরানকে ‘অবিশ্বস্ত’ আখ্যা দিয়ে ক্ষোভ ঝাড়লেন ট্রাম্প
অনলাইন ডেস্ক, বাংলাদেশ - Friday, June 12, 2026 3
অনলাইন ডেস্ক : ইরানের সঙ্গে একটি সম্ভাব্য চুক্তি প্রায় চূড়ান্ত হয়ে এসেছে বলে নিজের দেওয়া ঘোষণার ঠিক পরদিনই তেহরানের ওপর চরম ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তিটির শর্তাবলি নিয়ে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে বিভ্রান্তিকর ও ভুল তথ্য ছড়ানো হয়েছে দাবি করে তেহরানকে ‘অসম্মানজনক ও বিশ্বাসহীন’ হিসেবে আখ্যায়িত করেছেন তিনি।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বার্তায় ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, ইরান ভুয়া সংবাদমাধ্যমের কাছে চুক্তির যেসব শর্ত ফাঁস করেছে, তার সঙ্গে লিখিতভাবে সম্মত হওয়া শর্তগুলোর কোনো সম্পর্ক নেই। চুক্তি নিয়ে ইরানের দেওয়া দুর্বল ও হতাশাজনক বক্তব্য মোটেও সত্য নয়। তিনি ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, এরা অত্যন্ত অসম্মানজনক লোক, যাদের সঙ্গে সরল বিশ্বাসে বা সততার সঙ্গে কোনো আলোচনা বা চুক্তি করা অসম্ভব।
এর আগে শুক্রবার সকালে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলোতে সম্ভাব্য এই চুক্তির বিভিন্ন রূপরেখা ও শর্ত প্রকাশ করা হয়। সেখানে দাবি করা হয়, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনার অধিকার ছাড়তে ইরান কোনোভাবেই প্রতিশ্রুতিবদ্ধ নয়। একইসঙ্গে এই চুক্তির আওতায় ইরানের জব্দকৃত ২৪ বিলিয়ন মার্কিন ডলার অবমুক্ত করার দাবিও জানানো হয়।
ইরানের গণমাধ্যমে এমন শর্তের খবর আসার পর ট্রাম্প তার বার্তায় স্পষ্ট জানিয়ে দেন, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্য করে ইরানের ক্রমাগত হামলা চালানো সম্পূর্ণরূপে গ্রহণযোগ্য নয়। তেহরানকে সতর্ক করে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, তাদের নিজেদের আচরণ দ্রুত সংশোধন করা উচিত, এবং তা খুব দ্রুতই করতে হবে।
সূত্র: সিএনএন
