ই-পেপার

২০৩৫ নারী বিশ্বকাপ বসবে যুক্তরাজ্যে

৬৯ বছর পর আবারও ফুটবল বিশ্বকাপ আয়োজনের সুযোগ

আপডেট: ২৩ নভেম্বর ২০২৬, ২২:১৩
৩ ভিউ
২০৩৫ নারী বিশ্বকাপ বসবে যুক্তরাজ্যে

ছবি সংগৃহীত: ফাইল ছবি

স্পোর্টস ডেস্ক : ৬৯ বছর পর আবারও ফুটবল বিশ্বকাপ আয়োজনের সুযোগ পাচ্ছে যুক্তরাজ্য। ২০৩৫ সালের নারী ফুটবল বিশ্বকাপের আয়োজক হিসেবে ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের যৌথ প্রস্তাব অনুমোদন করেছে ফিফা। সোমবার ফিফা কংগ্রেসের ভোটাভুটিতে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

এবারই প্রথম নারী বিশ্বকাপের আয়োজক হচ্ছে যুক্তরাজ্য। এর আগে ১৯৬৬ সালে পুরুষদের ফুটবল বিশ্বকাপ আয়োজন করেছিল ইংল্যান্ড। সেবার স্বাগতিক দলই শিরোপা জিতেছিল। ফলে দীর্ঘ বিরতির পর দেশটিতে আবারও বিশ্বকাপ ফুটবলের আসর বসতে যাচ্ছে।

২০৩৫ সালের প্রতিযোগিতায় অংশ নেবে ৪৮টি দল। ৩৯ দিনব্যাপী এই টুর্নামেন্টে অনুষ্ঠিত হবে ১০৪টি ম্যাচ। যুক্তরাজ্যের ‘অল টুগেদার’ নামে যৌথ আয়োজক প্রস্তাবে মোট ১৯টি ভেন্যুর কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে ইংল্যান্ডে ১৪টি, স্কটল্যান্ড ও ওয়েলসে দুটি করে এবং উত্তর আয়ারল্যান্ডে একটি ভেন্যু রাখার প্রস্তাব রয়েছে। তবে শেষ পর্যন্ত কোন কোন ভেন্যুতে খেলা হবে, তা পরে চূড়ান্ত করবে ফিফা।

আয়োজক হওয়ার স্বীকৃতিতে সন্তোষ প্রকাশ করেছেন ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) চেয়ারম্যান ডেবি হিউইট। তাঁর মতে, নারী ফুটবলের অগ্রগতিতে ভূমিকা রাখা, নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করা এবং বিশ্বের ফুটবলপ্রেমীদের একত্র করার সুযোগ পেয়ে তারা সম্মানিত।

এদিকে ২০৩১ সালের নারী বিশ্বকাপের আয়োজক হিসেবেও চার দেশের যৌথ প্রস্তাব অনুমোদন দিয়েছে ফিফা। যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কোস্টারিকা ও জ্যামাইকা মিলে আয়োজন করবে ওই প্রতিযোগিতা। ২০৩১ ও ২০৩৫ সালের উভয় আসরেই প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নেওয়ার সুযোগ পাবে।