ই-পেপার

নায়িকাদের পিছন দিক থেকে ছবি তুললে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি সালমানের

বলিউড তারকাদের ব্যক্তিগত মুহূর্ত ক্যামেরাবন্দি করতে

আপডেট: ১১ অক্টোবর ২০২৬, ২০:৫১
১৪ ভিউ
নায়িকাদের পিছন দিক থেকে ছবি তুললে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি সালমানের

ছবি সংগৃহীত: ফাইল ছবি

বিনোদন ডেস্ক : বলিউড তারকাদের ব্যক্তিগত মুহূর্ত ক্যামেরাবন্দি করতে পাপারাৎজ়িদের তৎপরতা নতুন কিছু নয়। তবে অনেক সময় অভিনেত্রীদের সম্মতি ছাড়াই আপত্তিকর ভঙ্গিতে ছবি তোলার ঘটনা নিয়ে তৈরি হচ্ছে বিতর্ক। এবার এমন প্রবণতার বিরুদ্ধে সরব হলেন বলিউড সুপারস্টার সালমান খান। পাপারাৎজ়িদের সতর্ক করার পরও এ ধরনের কর্মকাণ্ড বন্ধ না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

সম্প্রতি ‘বিগ বস ২০’-এর মঞ্চে অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিষয়টি নিয়ে কথা বলেন অভিনেত্রী নেহা ধূপিয়া। অভিনেত্রীদের ব্যক্তিগত পরিসর ও সম্মতির গুরুত্ব তুলে ধরে প্রকাশ্যে এ বিষয়ে কথা বলার জন্য সালমানকে ধন্যবাদ জানান তিনি।

সালমানের অভিযোগ, আগেও এ ধরনের ছবি তোলা নিয়ে সতর্ক করা হয়েছিল পাপারাৎজ়িদের। কিন্তু পরিস্থিতির উন্নতি হওয়ার বদলে কিছু ক্ষেত্রে তা আরও বেড়েছে। তাঁর মতে, কিছু তারকা নিজেরাই পাপারাৎজ়িদের ডেকে এনে এ ধরনের ছবি তোলার জন্য অর্থ দেন। ফলে বিষয়টি আরও জটিল হয়ে উঠছে।

এ প্রসঙ্গে সালমান বলেন, “কিছু নারী এবং কিছু পুরুষও পাপারাৎজ়িদের ডেকে আনেন, তাঁদের টাকা দেন এবং এই ধরনের ছবি তুলতে বলেন। তাঁরা আর কী-ই বা করবেন?”

তবে সবার পছন্দ এক নয়—এ কথা মনে করিয়ে দিয়ে সালমান বলেন, কেউ কেউ এ ধরনের ছবি তুলতে স্বচ্ছন্দ বোধ করলেও অনেকেই বিষয়টি পছন্দ করেন না। তাই যাঁরা চান, তাঁদের ক্ষেত্রে ছবি তোলা হলেও যাঁরা চান না, তাঁদের ব্যক্তিগত পরিসরকে অবশ্যই সম্মান জানাতে হবে।

নেহাকে উদ্দেশ করে সালমান আরও বলেন, এ ধরনের ছবি না তোলার বিষয়ে স্পষ্টভাবে জানিয়ে দেওয়ার পরও যদি পাপারাৎজ়িরা একই কাজ চালিয়ে যান, তাহলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এমন কর্মকাণ্ডকে নিছক মজা হিসেবে দেখার প্রবণতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এই অভিনেতা। তাঁর দাবি, কিছু বড় প্ল্যাটফর্মও এ ধরনের ছবি প্রকাশ বা প্রচারের সঙ্গে যুক্ত। বিষয়টি আর হালকাভাবে নেওয়া হবে না জানিয়ে সালমান বলেন, তিনি এর বিরুদ্ধে পদক্ষেপ নেবেন।

অন্যদিকে, অভিনেত্রীদের সম্মতি ছাড়া আপত্তিকর ছবি তোলার বিরুদ্ধে অবস্থান নেওয়ায় সালমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নেহা ধূপিয়া। তাঁর মতে, গুরুত্বপূর্ণ একটি মঞ্চে বিষয়টি তুলে ধরার মাধ্যমে তারকাদের ব্যক্তিগত গোপনীয়তা, সম্মতি এবং মর্যাদার প্রশ্নটি নতুন করে সামনে এসেছে।

তারকাদের জনপ্রিয়তার আড়ালে ব্যক্তিগত পরিসর যেন লঙ্ঘিত না হয়, সেই বার্তাই দিয়েছেন সালমান। এখন দেখার বিষয়, তাঁর এই কড়া অবস্থানের পর পাপারাৎজ়িদের এমন ছবি তোলার প্রবণতায় আদৌ কোনো পরিবর্তন আসে কি না।