ই-পেপার

একনেকে ২৪ হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন

স্বাস্থ্য, বিদ্যুৎ, গ্রামীণ অবকাঠামো ও বন্যা নিয়ন্ত্রণসহ বিভিন্ন খাতের

আপডেট: ২৫ নভেম্বর ২০২৬, ২১:১৩
৫ ভিউ
একনেকে ২৪ হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক : স্বাস্থ্য, বিদ্যুৎ, গ্রামীণ অবকাঠামো ও বন্যা নিয়ন্ত্রণসহ বিভিন্ন খাতের উন্নয়নে ২৪ হাজার ১১০ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ের ১০টি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। অনুমোদিত প্রকল্পের মধ্যে নতুন পাঁচটি, সংশোধিত চারটি এবং মেয়াদ বাড়ানোর একটি প্রস্তাব রয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে চলতি ২০২৬-২৭ অর্থবছরের একনেকের অষ্টম সভায় প্রকল্পগুলো অনুমোদিত হয়। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান এতে সভাপতিত্ব করেন। সভা শেষে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে সাংবাদিকদের বিস্তারিত জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি।

প্রকল্পগুলোর অর্থায়নে সরকারি তহবিল থেকে আসবে ১২ হাজার ৭৭৫ কোটি ৯৯ লাখ টাকা। প্রকল্প ঋণ হিসেবে ব্যয় হবে ৮ হাজার ৯৪৪ কোটি ২১ লাখ টাকা। বাকি ২ হাজার ৩৯০ কোটি ৪৭ লাখ টাকা দেবে সংশ্লিষ্ট সংস্থাগুলো নিজেদের তহবিল থেকে।

বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দুটি প্রকল্প রয়েছে। ঢাকার আশপাশের ১৩টি পল্লী বিদ্যুৎ সমিতির বিতরণব্যবস্থা শক্তিশালী করতে ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৬০১ কোটি ৭ লাখ টাকা। অন্যদিকে চট্টগ্রাম ও সিলেট বিভাগে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) বিতরণব্যবস্থা আধুনিকায়ন ও সম্প্রসারণে ব্যয় হবে ৮ হাজার ৯৭৯ কোটি ৩৭ লাখ টাকা।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের প্রকল্পগুলোর মধ্যে রয়েছে আটটি বিভাগীয় শহরে পূর্ণাঙ্গ ক্যানসার, হৃদরোগ ও কিডনি চিকিৎসাকেন্দ্র স্থাপন প্রকল্পের দ্বিতীয় সংশোধনী। একই মন্ত্রণালয়ের আওতায় যশোর, কক্সবাজার, পাবনা ও নোয়াখালীতে ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতাল ও সংশ্লিষ্ট ভবন নির্মাণ প্রকল্পের দ্বিতীয় সংশোধনীও অনুমোদন পেয়েছে। পাশাপাশি জাতীয় গ্যাস্ট্রোএন্টারোলজি ইনস্টিটিউট ও হাসপাতালের ১১ ও ১২ তলা ঊর্ধ্বমুখী সম্প্রসারণের প্রকল্পও অনুমোদিত হয়েছে।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে চরফ্যাশন উপজেলায় বাংলাদেশ দারিদ্র্য বিমোচন সংস্থার স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন প্রকল্পের মেয়াদ চতুর্থবারের মতো বাড়ানোর প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

গ্রামীণ যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের তিনটি প্রকল্প রয়েছে। এর মধ্যে পাবনা জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় সংশোধনী অন্তর্ভুক্ত।

এ ছাড়া গ্রামীণ মাটির রাস্তা টেকসই করতে কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে হেরিং বোন বন্ড (এইচবিবি) রাস্তা নির্মাণ প্রকল্পের চতুর্থ সংশোধনী অনুমোদন দেওয়া হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এটি বাস্তবায়ন করবে।

পানি ব্যবস্থাপনা খাতেও রয়েছে একটি প্রকল্প। কক্সবাজারের পেকুয়া উপজেলায় উপকূলীয় বেড়িবাঁধ ৬৪/২এ ও ৬৪/২বি পুনর্বাসনের মাধ্যমে বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচ সুবিধার উন্নয়ন করা হবে। পানিসম্পদ মন্ত্রণালয় প্রকল্পটি বাস্তবায়ন করবে।

মূল ১০ প্রকল্পের বাইরে ৫০ কোটি টাকার কম ব্যয়ের আরও সাতটি প্রকল্পের বিষয়েও সভায় অবহিত করা হয়। এসব প্রকল্প আগেই পরিকল্পনামন্ত্রী অনুমোদন করেছেন।

এগুলোর মধ্যে রয়েছে চট্টগ্রাম মহানগরীর বন্যা নিয়ন্ত্রণ, জলাবদ্ধতা নিরসন ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় সংশোধনী। এ ছাড়া রয়েছে ফ্লাড রিকনস্ট্রাকশন ইমার্জেন্সি আসিস্ট্যান্স প্রজেক্ট (এফআরইএপি) এবং কেন্দ্রীয় প্যাকিং হাউসের স্থাপিত উদ্ভিদ সঙ্গনিরোধ ল্যাবরেটরিকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণ প্রকল্প।

অন্য চারটি প্রকল্পের মধ্যে রয়েছে ময়মনসিংহ বিভাগে মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন ও সম্প্রসারণ, বাংলাদেশের অভ্যন্তরীণ মৎস্যসম্পদের জরিপ পদ্ধতির উন্নয়ন, ভেনম রিসার্চ সেন্টার, বাংলাদেশ (ভিআরসি,বি) শক্তিশালীকরণ এবং পিরোজপুরের ভান্ডারিয়ায় টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপন।

সভায় সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা উপস্থিত ছিলেন। পাশাপাশি পরিকল্পনা কমিশনের সদস্য এবং সংশ্লিষ্ট সচিবরাও অংশ নেন।