ই-পেপার

সিআইএ-ওডিএনআইয়ের নেটওয়ার্কে সাইবার হামলা

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের দুই গুরুত্বপূর্ণ গোয়েন্দা প্রতিষ্ঠানের

আপডেট: ২৫ নভেম্বর ২০২৬, ১১:২৯
৯ ভিউ
সিআইএ-ওডিএনআইয়ের নেটওয়ার্কে সাইবার হামলা

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের দুই গুরুত্বপূর্ণ গোয়েন্দা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে সাইবার হামলার ঘটনায় বেশ কিছু তথ্য ফাঁস হয়েছে। প্রতিষ্ঠান দুটি হলো সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ) এবং জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালকের দপ্তর দ্য ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স (ওডিএনআই)। তবে ফাঁস হওয়া তথ্যগুলো জাতীয় নিরাপত্তার গোপনীয় শ্রেণিতে পড়ে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট এক কর্মকর্তা।

ফাঁস হওয়া তথ্যগুলো আন-ক্লাসিফায়েড হিসেবে চিহ্নিত। অর্থাৎ যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা শ্রেণিবিন্যাস অনুযায়ী এগুলো গোপনীয়, অতি গোপনীয় কিংবা অত্যন্ত গোপনীয় তথ্য নয়। এ ধরনের তথ্য ব্যবহারের জন্য স্বয়ংক্রিয়ভাবে নিরাপত্তা ছাড়পত্রের প্রয়োজন হয় না।

ঘটনার পরপরই তদন্ত শুরু করেছে মার্কিন গোয়েন্দা বিভাগ। হ্যাকাররা কতটা গভীরভাবে নেটওয়ার্কে প্রবেশ করতে পেরেছে, তা খতিয়ে দেখার পাশাপাশি আক্রান্ত সিস্টেমগুলো সুরক্ষিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। রয়টার্সকে এক গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, ফাঁস হওয়া তথ্যগুলো সংরক্ষিত ছিল ক্লাসিফায়েড নয়—এমন সিস্টেমে। অত্যন্ত গোপন গোয়েন্দা তথ্য কিংবা সংবেদনশীল অভিযানসংক্রান্ত তথ্য থাকা ক্লাসিফায়েড নেটওয়ার্ক আক্রান্ত হওয়ার কোনো প্রমাণ এখনো মেলেনি।

হামলাকারীরা কী কৌশলে সিস্টেমে প্রবেশ করেছে, তা প্রকাশ করেননি কর্মকর্তারা। তবে অনুপ্রবেশের ক্ষতিকর প্রভাব সীমিত করা এবং ভবিষ্যতে অননুমোদিত প্রবেশ প্রতিরোধে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তাঁরা।

সিআইএ ও ওডিএনআইয়ের ডিজিটাল অবকাঠামোয় ক্লাসিফায়েড এবং আন-ক্লাসিফায়েড—দুই ধরনের নেটওয়ার্ক রয়েছে। প্রথমটিতে সংরক্ষিত থাকে অত্যন্ত সংবেদনশীল গোয়েন্দা তথ্য ও জাতীয় নিরাপত্তাসংশ্লিষ্ট বিষয়। অন্যদিকে প্রশাসনিক কার্যক্রম, সরকারি সংস্থাগুলোর পারস্পরিক যোগাযোগ, ঠিকাদারদের সঙ্গে সমন্বয় এবং জনসাধারণের জন্য উন্মুক্ত গোয়েন্দা তথ্য ব্যবস্থাপনায় ব্যবহৃত হয় আন-ক্লাসিফায়েড নেটওয়ার্ক।

বাইরের ভেন্ডর, সফটওয়্যার সরবরাহকারী এবং ইন্টারনেট-সংযুক্ত বিভিন্ন প্ল্যাটফর্মের সঙ্গে এসব নেটওয়ার্কের সংযোগ থাকায় সাইবার ঝুঁকিও তুলনামূলক বিস্তৃত। হামলার ধরন, আক্রমণকারীদের প্রবেশপথ এবং উন্মুক্ত হয়ে পড়া তথ্যের পরিমাণ নির্ধারণে কাজ করছেন ফেডারেল সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ ও গোয়েন্দা কর্মকর্তারা।

তদন্তে যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তা সংস্থা সাইবার সিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সি (সিআইএসএ) এবং কেন্দ্রীয় তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। আক্রান্ত নেটওয়ার্কের দুর্বলতা চিহ্নিত করা, হামলার প্রভাব সীমিত রাখা এবং সিস্টেমগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করছে সংস্থা দুটি। তবে হামলার পেছনে কোনো নির্দিষ্ট দেশ বা হ্যাকার গোষ্ঠীর সংশ্লিষ্টতার কথা জানায়নি মার্কিন কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক সপ্তাহগুলোতে একের পর এক সাইবার অনুপ্রবেশের ঘটনা ঘটছে। এর মধ্যে সর্বশেষ ঘটনাটি গোয়েন্দা সংস্থাগুলোর ওয়েবসাইটে হামলা। সম্প্রতি এফবিআই তাদের ন্যাশনাল ক্রাইম ইনফরমেশন সেন্টারের (এনসিআইসি) ওয়েবসাইটে অননুমোদিত প্রবেশের তথ্য প্রকাশ করেছে। ফেডারেল, অঙ্গরাজ্য ও স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপরাধীদের রেকর্ডসহ বিভিন্ন তথ্য আদান-প্রদানে এই ডেটাবেইস ব্যবহার করে। চলতি বছরে এফবিআই-সংশ্লিষ্ট এটি দ্বিতীয় সাইবার অনুপ্রবেশের ঘটনা বলে জানা গেছে।

এ ছাড়া যুক্তরাষ্ট্রের কৃষি মন্ত্রণালয় (ইউএসডিএ) সাইবার হামলার শিকার হয়েছে। এতে কৃষিঋণ ব্যবস্থাপনা, ভর্তুকি বিতরণ এবং সংরক্ষণ কর্মসূচি পরিচালনার কাজে ব্যবহৃত একটি সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়। তদন্তের স্বার্থে বিভাগটি সাময়িকভাবে আক্রান্ত কয়েকটি সিস্টেম বন্ধ করে দেয়। কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনায় ব্যক্তিগত তথ্য চুরির কোনো প্রমাণ পাওয়া যায়নি।

ইলিনয়ের ফক্স নদীর ওপর অবস্থিত অ্যালগনকুইন ড্যামেও সাইবার ঘটনার খবর পাওয়া গেছে। পাশাপাশি পেন্টাগন ও ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির সঙ্গে সংশ্লিষ্ট সাইবার ঘটনার কথাও বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।