ই-পেপার

পুয়ের্তো রিকোর জেনিফারের মাথায় মিস ইউনিভার্সের মুকুট

মিস ইউনিভার্সের ৭৫তম আসরে বিশ্বসেরার মুকুট জিতেছেন স্বাগতিক

আপডেট: ২৫ নভেম্বর ২০২৬, ১১:২৫
৬ ভিউ
পুয়ের্তো রিকোর জেনিফারের মাথায় মিস ইউনিভার্সের মুকুট

ছবি সংগৃহীত: ফাইল ছবি

বিনোদন ডেস্ক : মিস ইউনিভার্সের ৭৫তম আসরে বিশ্বসেরার মুকুট জিতেছেন স্বাগতিক পুয়ের্তো রিকোর প্রতিনিধি জেনিফার ব্যারেটো। ১১৬টি দেশ ও অঞ্চলের প্রতিযোগীকে পেছনে ফেলে ‘মিস ইউনিভার্স ২০২৬’-এর শিরোপা অর্জন করেন তিনি। দর্শকদের উচ্ছ্বাসের মধ্যে জেনিফারের মাথায় মুকুট পরিয়ে দেন বিদায়ী মিস ইউনিভার্স, মেক্সিকোর ফাতিমা বশ।

স্থানীয় সময় মঙ্গলবার (২৪ নভেম্বর) পুয়ের্তো রিকোর রাজধানী সান জুয়ানের হোসে মিগুয়েল আগ্রেলট কলিসিয়ামে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার জমকালো গ্র্যান্ড ফিনালে। প্রাথমিক বাছাই, সুইমস্যুট ও ইভনিং গাউন পর্ব পেরিয়ে প্রশ্নোত্তর পর্বেও বিচারকদের মুগ্ধ করেন জেনিফার।

বিজয়ী হিসেবে আগামী এক বছর ‘দ্য রেডিয়েন্স অব ইটারনাল লিগ্যাসি’ নামের রাজকীয় মুকুটটি তাঁর দখলে থাকবে। ভেনেজুয়েলার খ্যাতনামা গয়না নকশাকার জর্জ উইটেলসের পরিকল্পনায় তৈরি এই মুকুটে ব্যবহার করা হয়েছে ৩ হাজার ১৫০টি হীরা।

এবারের আয়োজন সঞ্চালনায় ছিলেন ২০২২ সালের মিস ইউনিভার্স আর’বনি গ্যাব্রিয়েল ও মারিও লোপেজ। ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন জুরি হল এবং ১৯৯৩ সালের মিস ইউনিভার্স দায়ানারা তোরেস। প্রতিযোগিতার মঞ্চে আরও উপস্থিত ছিলেন সাবেক মিস ইউনিভার্স ও বিভিন্ন তারকা।

এবার বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন মডেল ও অভিনেত্রী সামিরা খান মাহি। গ্র্যান্ড ফিনালের আগে দর্শক ভোটে ভালো প্রতিদ্বন্দ্বিতা গড়লেও চূড়ান্ত পর্বের সেরা ৩০ প্রতিযোগীর তালিকায় জায়গা হয়নি তাঁর। ফলে এবারের আসরে বিশ্বসুন্দরীর মুকুট জয়ের দৌড় থেকে ছিটকে যান তিনি।