ই-পেপার

গান্ধী পরিবার নিয়ে পোস্ট, কঙ্গনার বিরুদ্ধে মামলা

সামাজিক যোগাযোগমাধ্যমে গান্ধী পরিবারকে ঘিরে বিতর্কিত মন্তব্য ও সন্দেহজনক

আপডেট: ১৪ নভেম্বর ২০২৬, ২২:১৬
১৭ ভিউ
গান্ধী পরিবার নিয়ে পোস্ট, কঙ্গনার বিরুদ্ধে মামলা

ছবি সংগৃহীত: ফাইল ছবি

বিনোদন ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যমে গান্ধী পরিবারকে ঘিরে বিতর্কিত মন্তব্য ও সন্দেহজনক ইঙ্গিতপূর্ণ পোস্ট প্রকাশের অভিযোগে বলিউড অভিনেত্রী এবং বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে মামলা হয়েছে। কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধীকে নিয়ে করা একটি পোস্টে আপত্তিকর ইঙ্গিত দেওয়ার পাশাপাশি ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং সঞ্জয় ও রাজীব গান্ধীর মৃত্যুর ঘটনা নিয়েও উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

হিমাচল প্রদেশের শিমলার বাসিন্দা অতুল শর্মার অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলাটি করা হয়। তার দাবি, গত ১০ নভেম্বর কঙ্গনা নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে এসব পোস্ট প্রকাশ করেন। এতে গান্ধী পরিবারের সদস্যদের মৃত্যুর পেছনের পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে জনমনে সন্দেহ তৈরির চেষ্টা করা হয়েছে।

এনডিটিভির প্রতিবেদন বলছে, ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ১৯৬, ৩৫৩ ও ৩৫৬ ধারায় কঙ্গনার বিরুদ্ধে মামলা হয়েছে। এসব ধারায় বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা ছড়ানো, জনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি করতে পারে এমন বক্তব্য প্রকাশ এবং মানহানির অভিযোগের বিষয়গুলো অন্তর্ভুক্ত।

অভিযোগ অনুযায়ী, একটি পোস্টে সোনিয়া গান্ধীকে ‘রহস্যময় বিদেশি নাগরিক’ বলে উল্লেখ করেন কঙ্গনা। সেখানে তিনি এমন ইঙ্গিতও দেন যে পরিবারের সদস্যদের ধারাবাহিক মৃত্যুর পর সরকারপ্রধান হওয়ার সুযোগ তৈরি হয়েছিল সোনিয়ার সামনে। পোস্টের শেষে অভিনেত্রী লেখেন, ‘কতই না সুবিধাজনক!’

অভিযোগে আরও বলা হয়েছে, সঞ্জয় গান্ধীর মৃত্যুর পর তার স্ত্রী মানেকা গান্ধীকে পরিবারের বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল বলে দাবি করেছিলেন কঙ্গনা। অতুল শর্মার বক্তব্য, এসব মন্তব্য রাজনৈতিক সমালোচনার গণ্ডি পেরিয়ে সাধারণ মানুষের মধ্যে উত্তেজনা ছড়াতে পারে। এতে সাম্প্রদায়িক সম্প্রীতি ও জাতীয় ঐক্যও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

অতুল শর্মা পুলিশের মহাপরিচালকের কাছে ইমেইল পাঠিয়ে মামলা করার পাশাপাশি নির্দিষ্ট সময়ের মধ্যে সাইবার ফরেনসিক তদন্তের আবেদন জানান। শিমলার পুলিশ সুপার গৌরব সিং মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।