ই-পেপার

জার্মানির শিক্ষার্থী ভিসায় আসছে ডিজিটাল সুবিধা

জার্মানিতে উচ্চশিক্ষায় যেতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা আবেদন

আপডেট: ১৪ নভেম্বর ২০২৬, ২২:১০
২৩ ভিউ
জার্মানির শিক্ষার্থী ভিসায় আসছে ডিজিটাল সুবিধা

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক : জার্মানিতে উচ্চশিক্ষায় যেতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা আবেদন প্রক্রিয়া সহজ করতে নতুন ডিজিটাল পোর্টাল চালু করছে দেশটির দূতাবাস। আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে ‘কনস্যুলার সার্ভিসেস পোর্টাল’ ব্যবহারের মাধ্যমে অনলাইনে আবেদন, প্রয়োজনীয় নথি জমা এবং আবেদনের সর্বশেষ অবস্থা জানার সুবিধা পাবেন শিক্ষার্থীরা।

জার্মানিতে উচ্চশিক্ষার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের আগ্রহ ক্রমেই বাড়ছে। তবে ভিসার অ্যাপয়েন্টমেন্ট পেতে দীর্ঘ অপেক্ষা করতে হয় অনেককে। এ সমস্যা বিবেচনায় নিয়ে আবেদন ব্যবস্থাকে আরও কার্যকর করার উদ্যোগ নিয়েছে জার্মান দূতাবাস। নতুন পোর্টালের মাধ্যমে দেশটিতে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়তে ইচ্ছুক শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

নতুন ব্যবস্থায় দূতাবাসে সরাসরি যাওয়ার আগেই অনলাইনে আবেদনপত্র পূরণ ও প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করা যাবে। পাশাপাশি ভিএফএসের মাধ্যমে জমা দেওয়া নথিপত্রের প্রাথমিক যাচাইয়ের সুযোগ থাকবে। নির্ধারিত অ্যাপয়েন্টমেন্টের দিনে বায়োমেট্রিক তথ্য সংগ্রহ, ভিসা ফি পরিশোধ এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের কাজ সম্পন্ন হবে।

এ ছাড়া পোর্টালে প্রবেশ করে আবেদনের অগ্রগতি জানা যাবে। প্রযোজ্য ক্ষেত্রে পরিবারের সদস্যদের সঙ্গে যৌথভাবে আবেদন জমা দেওয়ার সুবিধাও রাখা হয়েছে। দূতাবাসের প্রত্যাশা, ডিজিটাল ব্যবস্থায় আবেদন যাচাইয়ের সময় কমবে এবং পুরো প্রক্রিয়া আরও গতিশীল হবে। তবে আবেদনভেদে ও পরিস্থিতি অনুযায়ী প্রক্রিয়াকরণের সময় আলাদা হতে পারে।

নতুন নিয়মে আগের ভিসা অ্যাপয়েন্টমেন্টের অপেক্ষমাণ তালিকায় থাকা শিক্ষার্থীদেরও পুনরায় আবেদন করতে হবে। পুরোনো ব্যবস্থায় নিবন্ধন করা আবেদনকারীদের নতুন কনস্যুলার সার্ভিসেস পোর্টালে অ্যাকাউন্ট খুলে আবার আবেদন জমা দিতে হবে।

দীর্ঘদিন ধরে অ্যাপয়েন্টমেন্টের অপেক্ষায় থাকা শিক্ষার্থীদের জন্য এ সিদ্ধান্ত সাময়িক ভোগান্তির কারণ হতে পারে। তবে নতুন পদ্ধতিতে আবেদন প্রক্রিয়া দ্রুত হবে এবং দূতাবাসের আবেদন নিষ্পত্তির সক্ষমতা বাড়বে বলে আশা করা হচ্ছে। এর ফলে ভিসার অ্যাপয়েন্টমেন্ট পেতে অপেক্ষার সময়ও কমে আসতে পারে।

স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে জার্মানিতে পড়তে ইচ্ছুক শিক্ষার্থীরা ১ জানুয়ারি ২০২৭ থেকে নতুন পোর্টালে নিবন্ধন করে আবেদন করতে পারবেন। এজন্য প্রবেশ করতে হবে https://digital.diplo.de/ ঠিকানায়। আবেদনসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র, নিয়মকানুন ও বিস্তারিত নির্দেশনা পাওয়া যাবে জার্মান দূতাবাসের ওয়েবসাইট www.dhaka.diplo.de-এ।