ঢালিউডের জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজের বাস্তব জীবনের প্রেমের গল্পও যেন সিনেমার কাহিনি।
ছবি সংগৃহীত: ফাইল ছবি
অনলাইন ডেস্ক:
ভালোবাসার মানুষকে বিয়ে করতে পরিবারের সম্মতি না পেয়ে একসময় তাকে নিয়ে পালিয়ে যান এই অভিনেতা। পরে প্রয়াত অভিনেতা সোহেল চৌধুরী ও অভিনেত্রী দিতির বাসায় আশ্রয় নিয়ে সেখানেই কাজি ডেকে বিয়ে করেন তারা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে জীবনের সেই বিশেষ ঘটনার স্মৃতিচারণ করেন বাপ্পারাজ। তিনি জানান, পরিবারের অমতে বিয়ের সিদ্ধান্ত নেওয়ার পর প্রেমিকাকে নিয়ে চলে যান সোহেল চৌধুরী ও দিতির বাসায়। সেখানে কাজি ডেকে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা।
সেই সময়ের ঘটনা বর্ণনা করে বাপ্পারাজ বলেন, সোহেল ও দিতির বাসায় কাজি ডেকে বিয়ে করেছিলেন তারা। তবে বিয়ের সময় সোহেল বাসায় ছিলেন না। বিয়ের পর দুপুরে খাওয়া-দাওয়া শেষে বিশ্রাম নিচ্ছিলেন দুজন। এর মধ্যেই তার বাবা নায়করাজ রাজ্জাক লোক পাঠিয়ে তাদের নিয়ে যান।
এরপর দুই পরিবারের মধ্যে নানা আলোচনা ও কথাবার্তা হয়। একপর্যায়ে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে এবং পরিবারের পক্ষ থেকেও বিষয়টি মেনে নেওয়া হয়।
নায়করাজ রাজ্জাকের হাত ধরে ‘চাঁপা ডাঙার বউ’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় বাপ্পারাজের। পরবর্তী সময়ে ‘ঢাকা ৮৬’, ‘জ্বীনের বাদশা’, ‘প্রতিশ্রুতি’ ও ‘প্রেমের সমাধি’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করে দর্শকদের কাছে পরিচিতি পান তিনি।
বিশেষ করে ‘প্রেমের নাম বেদনা’, ‘ভুলো না আমায়’, ‘বাবা কেন চাকর’, ‘পাগলীর প্রেম’, ‘সন্তান যখন শত্রু’ ও ‘মা যখন বিচারক’ সিনেমায় তার অভিনয় প্রশংসিত হয়েছে। পর্দায় ব্যর্থ প্রেমিকের চরিত্রে অভিনয়ের কারণে দর্শকদের কাছে আলাদা পরিচিতি রয়েছে তার। ‘চাচা হেনা কোথায়’ সিনেমার চরিত্রটিও এখনো আলোচনায় আসে।
পর্দায় প্রেমের পরিণতি না পেলেও বাস্তব জীবনে বাপ্পারাজের প্রেমের গল্পের শেষটা ভিন্ন। বর্তমানে তিনি দুই সন্তানের বাবা। তার দুই মেয়েই বিবাহিত। এ কারণে তাদের অভিনয়জগতে আসার সম্ভাবনা নেই বলেও সাক্ষাৎকারে জানিয়েছেন এই অভিনেতা।