ই-পেপার

সাংবাদিককে হুমকির অভিযোগে পরীমণিকে আইনি নোটিশ

সাংবাদিকদের হয়রানি ও জাতীয় সংগীত অবমাননার অভিযোগে চিত্রনায়িকা

আপডেট: ০৮ নভেম্বর ২০২৬, ২০:১৬
৮ ভিউ
সাংবাদিককে হুমকির অভিযোগে পরীমণিকে আইনি নোটিশ

ছবি সংগৃহীত: ফাইল ছবি

বিনোদন ডেস্ক : সাংবাদিকদের হয়রানি ও জাতীয় সংগীত অবমাননার অভিযোগে চিত্রনায়িকা পরীমণিকে সাত দিনের মধ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। একই নোটিশের অনুলিপি দেওয়া হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে। রোববার (৮ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী হাসান শাহরিয়ার এ নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়েছে, আদালত প্রাঙ্গণে ঘটে যাওয়া ঘটনার জন্য পরীমণিকে আগামী সাত দিনের মধ্যে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে চলচ্চিত্র, ভিডিও কিংবা অন্য কোনো মাধ্যমে অশ্লীল কথাবার্তা, হুমকি, কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গি এবং শৈল্পিক বা শিক্ষামূলক মূল্যহীন নগ্ন ও অশালীন নাচ-গান থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে পরীমণিকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নিতে শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে বলা হয়েছে। তা না হলে পরবর্তী সময়ে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ রয়েছে।

নোটিশের বিবরণ অনুযায়ী, গত ৫ নভেম্বর ২০২৬ ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা একটি মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পান শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমণি। সকাল ১১টা ৪০ মিনিটে গাড়ি থেকে নেমে এজলাসের দিকে যাওয়ার সময় সাংবাদিকরা তাঁর ছবি ও ভিডিও ধারণ করতে চাইলে তাঁদের সঙ্গে পরীমণির নিরাপত্তারক্ষীদের ধাক্কাধাক্কি হয়।

এ সময় পরীমণি ‘সমকাল’-এর মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল হোসাইনের মোবাইলফোন কেড়ে নেন বলে নোটিশে অভিযোগ করা হয়েছে। তাঁর নিরাপত্তারক্ষীরা রবিউলের ভিডিও ট্রাইপডও ভেঙে ফেলেন বলে উল্লেখ করা হয়। ওই ঘটনায় ‘জাগো নিউজ’-এর প্রতিবেদক আশিকুজ্জামান ও মাল্টিমিডিয়া রিপোর্টার আবদুল্লাহ আল কাউছার, ‘আগামীর সময়’-এর প্রতিবেদক সিয়াম হোসেন এবং ‘টাইমস টুডে’-র শাহ রিয়াজ আহত হন। এ ছাড়া সুজন চন্দ্র মণি দাস নামের এক বিচারপ্রার্থীর মাথা ফেটে রক্ত বের হওয়ার খবরও গণমাধ্যমে প্রকাশিত হয়।

নোটিশে বলা হয়েছে, আদালত প্রাঙ্গণে সবার নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও প্রশাসনের দায়িত্ব। একাধিক ব্যক্তিগত নিরাপত্তারক্ষী নিয়ে সেখানে পেশিশক্তি প্রদর্শন কিংবা আদালতের পরিবেশ নিয়ন্ত্রণের আইনি সুযোগ কারও নেই।

অভিযোগে আরও বলা হয়, আদালত থেকে বের হওয়ার পর পরীমণি ডান হাত জন্মগতভাবে বিকলাঙ্গ—বাঁ হাতের চেয়ে ছোট এবং তিনটি আঙুল নেই—এমন রিপোর্টার রবিউল হোসাইনের দিকে তেড়ে যান। তাঁকে ‘এদিকে আয়, আমার হাত এভাবে ধরলি কেন?’ বলে গালিগালাজ করেন এবং ‘তোকে পিষে মেরে ফেলব’ বলে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেন। এ ঘটনার ভিডিও গণমাধ্যমে প্রচারিত হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়।

আইনি নোটিশে বলা হয়েছে, একজন পেশাদার সাংবাদিকের সঙ্গে এমন আচরণ তাঁর পেশাগত মর্যাদার পাশাপাশি স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের জন্য হুমকিস্বরূপ। একজন চলচ্চিত্র অভিনেত্রীর কাছ থেকে এ ধরনের আচরণ কাম্য নয় বলেও এতে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া নোটিশে অভিযোগ করা হয়েছে, গত ৬ নভেম্বর ২০২৬ পরীমণি তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে বাংলাদেশের জাতীয় সংগীতকে মিউজিক হিসেবে ব্যবহার করে একটি অশ্লীল পোস্ট করেন। এসব ঘটনা নিয়ে সংবাদ প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনরা নেতিবাচক ও সমালোচনামূলক মন্তব্য করছেন।