ই-পেপার

ভিসা ও ফ্র্যাঞ্চাইজি জটিলতায় মিস ইউনিভার্সে নেই ১৫ দেশ

মিস ইউনিভার্স ২০২৬-এর ৭৫তম আসরে অংশ নিচ্ছে না ১৫টি দেশ। ভিসা

আপডেট: ১১ নভেম্বর ২০২৬, ২৩:৩০
২০ ভিউ
ভিসা ও ফ্র্যাঞ্চাইজি জটিলতায় মিস ইউনিভার্সে নেই ১৫ দেশ

ছবি সংগৃহীত: ফাইল ছবি

বিনোদন ডেস্ক : মিস ইউনিভার্স ২০২৬-এর ৭৫তম আসরে অংশ নিচ্ছে না ১৫টি দেশ। ভিসা জটিলতা, মার্কিন ভিসা বিধিনিষেধ এবং ফ্র্যাঞ্চাইজি সংক্রান্ত বিরোধের কারণে এসব দেশ প্রতিযোগিতা থেকে সরে দাঁড়িয়েছে। এর মধ্যে ছয়টি এশীয় দেশের অংশগ্রহণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

ক্যারিবিয়ান দ্বীপ পুয়ের্তো রিকোয় প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শুরুর প্রস্তুতি চলছে। বিভিন্ন দেশ থেকে প্রতিযোগীরা সেখানে পৌঁছাতে শুরু করেছেন। বিভিন্ন আনুষ্ঠানিকতা ও কার্যক্রমে অংশ নেওয়ার পাশাপাশি তাদের আকর্ষণীয় ছবি প্রকাশিত হচ্ছে। তবে অংশগ্রহণকারী দেশের সংখ্যা কমে যাওয়ায় এবারের আয়োজন ঘিরে তৈরি হয়েছে ভিন্ন আলোচনা।

প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোদের মধ্যে রয়েছেন মিস ইউনিভার্স অস্ট্রিয়া ভিক্টোরিয়া অ্যামারসন। কয়েক দিন আগে ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তিনি নিজের সিদ্ধান্তের কথা জানান। সরে দাঁড়ানোর পেছনে একাধিক কারণ থাকলেও নিজের মূল্যবোধের প্রতি অবিচল থাকা এবং মানসিক ও শারীরিক সুস্থতা রক্ষাকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করেন তিনি।

পোস্টে ভিক্টোরিয়া আরও লেখেন, সামনের পথ সুন্দর, সুদৃঢ়, আলোকময় ও অন্ধকারমুক্ত। তার ভাষায়, মুকুট না থাকলেও খেতাব অর্জনের আগেই তিনি যে শক্তি তৈরি করেছেন, সেটিই তাকে একজন রানি করে তুলেছে।

এদিকে সড়ক দুর্ঘটনার কারণে প্রতিযোগিতা থেকে সরে দাঁড়িয়েছেন মিস ইউনিভার্স বুলগেরিয়া আনা-মারিয়া। দেশটির কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনার পর চূড়ান্ত পর্বে অংশ নেওয়ার মতো শারীরিক অবস্থায় নেই তিনি। বিবৃতিতে আরও বলা হয়েছে, যেকোনো খেতাব বা মুকুটের চেয়ে স্বাস্থ্য, নিরাপত্তা ও সম্পূর্ণ সুস্থতাকে বেশি গুরুত্ব দেয় তারা।

ব্যক্তিগত কারণেও প্রতিযোগিতা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন সেন্ট মার্টিনের ম্যাডলি মারিয়ান। এক বিবৃতিতে তিনি জানান, অনেক কিছু বিবেচনা করেই মিস ইউনিভার্সের যাত্রা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। সুযোগটি কৃতজ্ঞতা ও উৎসাহের সঙ্গে গ্রহণ করলেও ব্যক্তিগত কারণে এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

অন্যদিকে, মিস ইউনিভার্স মালদ্বীপ আমিনাথ ইউইন মোহাম্মদ এবং মিস ইউনিভার্স মরক্কো সারা আল্লালিও প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহার করেছেন। তবে তাদের কেউই সরে দাঁড়ানোর কারণ প্রকাশ করেননি।

**অংশ নিচ্ছে না এশিয়ার ছয় দেশ**

ফ্র্যাঞ্চাইজি সংক্রান্ত বিরোধের কারণে এবারের প্রতিযোগিতায় অংশ নিতে পারছে না এশিয়ার ছয় দেশ—থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, লাওস, সিঙ্গাপুর ও মালয়েশিয়া। ৭৫তম আসরে এসব দেশের প্রতিযোগীদের আন্তর্জাতিক মঞ্চে অংশগ্রহণে নিষেধাজ্ঞা দেওয়া হলেও তারা নিজ নিজ জাতীয় খেতাব ধরে রাখতে পারবেন।

তবে চলতি বছর প্রতিযোগিতায় অংশ না নিলেও আগামী বছর ৭৬তম মিস ইউনিভার্স আসর আয়োজন করবে ভিয়েতনাম।

এ ছাড়া ভিসা জটিলতা কিংবা যুক্তরাষ্ট্রের ভিসা বিধিনিষেধের কারণে এ বছর প্রতিযোগিতায় থাকছে না নেপাল, অ্যাঙ্গোলা, জাম্বিয়া, জিম্বাবুয়ে ও কঙ্গো প্রজাতন্ত্র।

সূত্র: এনডিটিভি।