বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব পাচ্ছে বলে দাবি করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
ছবি সংগৃহীত: ফাইল ছবি
অনলাইন ডেস্ক:
তার ভাষ্য অনুযায়ী, বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা তারেক রহমানকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বা রূপান্তরমূলক নেতৃত্বের অধিকারী হিসেবে মূল্যায়ন করছেন।
বুধবার (১১ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১ চলাকালে বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কপ৩১-এর বিশ্বনেতা সম্মেলনের উদ্বোধনী অধিবেশন ও প্লেনারি সেশনে অংশ নেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় উজবেকিস্তানের প্রেসিডেন্ট ও চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠকও অনুষ্ঠিত হয়।
এ ছাড়া ব্রাজিল, মালদ্বীপ, ইরান, সিরিয়া ও সোমালিয়ার প্রেসিডেন্ট, মলদোভার প্রধানমন্ত্রী, পাকিস্তান ও কুয়েতের প্রধানমন্ত্রী, ওআইসির মহাসচিব, লন্ডনের মেয়র এবং জিরো ওয়েস্ট ফাউন্ডেশনের প্রেসিডেন্টের সঙ্গে তার সৌজন্য সাক্ষাৎ হয়েছে।
হুমায়ুন কবিরের মতে, এসব বৈঠকে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও প্রধানমন্ত্রীর নির্বাচনি ম্যান্ডেটের প্রতি বিশ্বনেতারা সমর্থন ও অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করা এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন তারা।
সাক্ষাৎকারগুলোর মধ্যে ব্রাজিলের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। অন্যদিকে মালদ্বীপের প্রেসিডেন্টও শিগগির বাংলাদেশ সফরের আগ্রহ জানিয়েছেন। সিরিয়ার প্রেসিডেন্ট দেশটির পুনর্গঠন, বিনিয়োগ, দক্ষ জনশক্তি ও কর্মসংস্থান সৃষ্টিতে বাংলাদেশের সহযোগিতা চেয়েছেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় আঞ্চলিক স্থিতিশীলতা, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি এবং দুই দেশের অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় উঠে আসে। আর ওআইসির মহাসচিবের সঙ্গে বৈঠকে ফিলিস্তিন সংকটের সমাধানে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করা হয়। দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি বাংলাদেশের সমর্থনও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
কুয়েতের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পাশাপাশি বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়টি গুরুত্ব পায়। লন্ডনের মেয়রের সঙ্গে সাক্ষাতের বিষয়ে প্রতিমন্ত্রী জানান, দীর্ঘদিন লন্ডনে অবস্থানের কারণে তারেক রহমানের সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেছিলেন মেয়র।
উজবেকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে সরাসরি বিমান যোগাযোগ চালু, ভিসা প্রক্রিয়া সহজ করা এবং দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি তিনি প্রধানমন্ত্রীকে উজবেকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন। আগামী বছরের কোনো এক সময়ে সফরের বিষয়ে সম্মতি জানিয়েছেন তারেক রহমান।
চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে জ্বালানি, ভারী শিল্প, অবকাঠামো ও কর্মসংস্থান খাতে বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) স্থাপনসহ বাংলাদেশের জ্বালানি খাতের সম্ভাবনাময় প্রকল্পগুলোতে চীনা বিনিয়োগের বিষয়টি গুরুত্ব পেয়েছে।
এ ছাড়া বাংলাদেশ, চীন ও মিয়ানমারকে যুক্ত করে আঞ্চলিক অর্থনৈতিক করিডর গড়ে তোলার সম্ভাবনা এবং রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে চীনের সহযোগিতা নিয়েও আলোচনা হয়েছে। এ সংকট মোকাবিলায় দ্বিপক্ষীয় উদ্যোগের পাশাপাশি সমন্বিত আন্তর্জাতিক প্রচেষ্টার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে বাংলাদেশ।
এর আগে মঙ্গলবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠককে ফলপ্রসূ হিসেবে উল্লেখ করেন হুমায়ুন কবির। তিনি জানান, এতে দুই দেশের রাজনৈতিক সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। মুসলিম বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের সম্ভাব্য ভূমিকা নিয়েও ইতিবাচক আলোচনা হয়েছে।
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের দীর্ঘদিনের অভিজ্ঞতার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, মুসলিম বিশ্বে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রেও বাংলাদেশের সেই অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগ তৈরি হলে জাতীয় স্বার্থ বিবেচনায় তা ইতিবাচকভাবে বিবেচনা করা হবে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান কপ৩১-এর একটি সাইড ইভেন্টে অংশ নিয়ে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে বক্তব্য দেন। বর্জ্যকে সম্পদ ও জ্বালানিতে রূপান্তরের বিষয়ে সরকারের নীতিগত উদ্যোগের পাশাপাশি প্রয়োজনীয় প্রযুক্তিগত সহযোগিতার বিষয়টিও তিনি তুলে ধরেন।
হুমায়ুন কবির জানান, বৃহস্পতিবার (১২ নভেম্বর) কপ৩১ সম্মেলনে বাংলাদেশের অবস্থান এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দেশের অগ্রাধিকারগুলো তুলে ধরবেন প্রধানমন্ত্রী। এ ছাড়া তার আরও কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচি ও বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী ও উপপ্রেস সচিব হাসান শিপলু উপস্থিত ছিলেন।