ই-পেপার

১৪ দেশের ওপর নতুন শুল্কের পথে যুক্তরাষ্ট্র

চীন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও জাপানসহ অন্তত ১৪টি দেশ ও

আপডেট: ২৫ নভেম্বর ২০২৬, ১০:৫৬
৭ ভিউ
১৪ দেশের ওপর নতুন শুল্কের পথে যুক্তরাষ্ট্র

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক : চীন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও জাপানসহ অন্তত ১৪টি দেশ ও অঞ্চলের ওপর নতুন আমদানি শুল্ক আরোপের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। বুধবার এ বিষয়ে ঘোষণা আসতে পারে। এতে দেশটির প্রধান বাণিজ্যিক অংশীদারদের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের ওপর নতুন করে চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

হোয়াইট হাউসের ‘সেকশন ৩০১’ তদন্তের ভিত্তিতে নতুন শুল্কের উদ্যোগ নেওয়া হচ্ছে। গত মার্চে মার্কিন সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা শুল্ক অবৈধ ঘোষণা করার পর এই তদন্ত শুরু হয়। ট্রাম্পের অর্থনৈতিক নীতিতে আমদানি শুল্ক গুরুত্বপূর্ণ অবস্থান দখল করে আছে। তাঁর যুক্তি, এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের উৎপাদন খাত শক্তিশালী হবে এবং দেশে কর্মসংস্থান বাড়বে।

২০২৫ সালের এপ্রিলে হোয়াইট হাউসে ফেরার পরপরই বিশ্বের বিভিন্ন বাণিজ্যিক অংশীদারের ওপর ব্যাপক শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। এতে আন্তর্জাতিক বাণিজ্যে অনিশ্চয়তা তৈরি হয়। পরে ওই শুল্ক বাতিল করা হলেও তৎকালীন মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার বলেছিলেন, বিদেশে অতিরিক্ত উৎপাদনের কারণে যুক্তরাষ্ট্রের শিল্প খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং দেশটিতে বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে।

এবারের পরিকল্পনায় সব দেশের জন্য একই হারে শুল্ক আরোপ করা হবে না। ট্রাম্প প্রশাসনের সঙ্গে সংশ্লিষ্ট দেশগুলোর আগে সম্পাদিত বাণিজ্য চুক্তির শর্ত বিবেচনায় নিয়ে পৃথক পৃথক শুল্কহার নির্ধারণ করা হবে।

এই উদ্যোগে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান বাণিজ্য বিরোধ আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে। গত সপ্তাহে ট্রাম্পের সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক হলেও দুই দেশের মতপার্থক্য পুরোপুরি কাটেনি। এরই মধ্যে আগামী ১০ জানুয়ারি দুই দেশের অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা।

শেনজেন শীর্ষ সম্মেলনের আগে ওয়াশিংটন অভিযোগ করেছে, ২০২৫ সালের অক্টোবরে দক্ষিণ কোরিয়ায় দুই দেশের মধ্যে হওয়া সমঝোতার শর্ত যথাযথভাবে বাস্তবায়ন করেনি বেইজিং। যুক্তরাষ্ট্রের দাবি, চুক্তি অনুযায়ী কৃষিপণ্য কেনার প্রতিশ্রুতি পূরণ করেনি চীন। পাশাপাশি বিরল মৃত্তিকা ধাতু (রেয়ার আর্থ) ও অন্যান্য গুরুত্বপূর্ণ খনিজের বাণিজ্যসংক্রান্ত শর্তও মানা হয়নি।

তবে মঙ্গলবার গ্যালিয়াম, জার্মেনিয়াম ও অ্যান্টিমনির মতো গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের রপ্তানিতে নিষেধাজ্ঞা স্থগিত রাখার মেয়াদ আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত বাড়িয়েছে চীন। এই নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা ছিল শুক্রবার থেকে।

ট্রাম্পের শুল্কনীতি যুক্তরাষ্ট্রের ভেতরেও সমালোচিত হচ্ছে। সমালোচকদের ভাষ্য, আমদানি শুল্কের ফলে মার্কিন ভোক্তাদের পণ্য কেনার ব্যয় বাড়ছে। পাশাপাশি বৈশ্বিক বাণিজ্যে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ব অর্থনীতিও ক্ষতির মুখে পড়ছে।

সূত্র: বিবিসি