ই-পেপার

পশ্চিম তীরের হামলাকে ইহুদি সন্ত্রাসবাদ বললেন আইজেনকোট

পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বাড়িঘর ও সম্পত্তিতে ইসরায়েলি বসতি

আপডেট: ২২ নভেম্বর ২০২৬, ২১:৪৬
৮ ভিউ
পশ্চিম তীরের হামলাকে ইহুদি সন্ত্রাসবাদ বললেন আইজেনকোট

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক : পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বাড়িঘর ও সম্পত্তিতে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলাকে ‘ইহুদি সন্ত্রাসবাদ’ হিসেবে অভিহিত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী পদে মনোনীত গাদি আইজেনকোট। একই সঙ্গে এসব সহিংসতার জন্য দেশটির জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির ও অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচকে দায়ী করে তাদের কঠোর সমালোচনা করেছেন তিনি। আইজেনকোটের অভিযোগ, দুই মন্ত্রীর নেতৃত্বে নেওয়া পদক্ষেপ পশ্চিম তীরকে নিয়ন্ত্রণহীন নৈরাজ্যের দিকে ঠেলে দিচ্ছে।

বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম তীরের কয়েকটি গ্রামে ফিলিস্তিনিদের বাড়িঘর ও সম্পত্তিতে অগ্নিসংযোগের ঘটনার পর যুক্তরাষ্ট্রভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে প্রতিক্রিয়া জানান আইজেনকোট। সেখানে তিনি বলেন, রাতভর চালানো হামলাগুলো সব অর্থেই ‘ইহুদি সন্ত্রাসবাদ’। তাঁর ভাষায়, ‘পশ্চিম তীরে জাতীয় নিরাপত্তামন্ত্রী বেন-গভির এবং অর্থমন্ত্রী স্মোট্রিচের নেতৃত্বে নেওয়া পদক্ষেপগুলো অঞ্চলটিকে নিয়ন্ত্রণহীন নৈরাজ্যের দ্বারপ্রান্তে নিয়ে গেছে।’

এ ধরনের সহিংসতা বন্ধে ইসরায়েলি সরকার ও নিরাপত্তা সংস্থাগুলোকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। আইজেনকোটের মতে, হামলা ও বিক্ষোভে জড়িত ব্যক্তিদের দমনে প্রশাসনিক আটক এবং নিরাপত্তা সংস্থা শিন বেতের লক্ষ্যভিত্তিক অভিযানসহ সব ধরনের ব্যবস্থা নিতে হবে। তিনি বলেন, ‘দাঙ্গাকারীদের থামাতে এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনিক আটক ও শিন বেতের লক্ষ্যভিত্তিক অভিযানসহ সব ধরনের উপায় ব্যবহার করতে হবে।’

অধিকৃত পূর্ব জেরুজালেমসহ পশ্চিম তীরে বর্তমানে ১৫৬টি অবৈধ বসতি ও ৩৬০টি আউটপোস্ট রয়েছে। এসব এলাকায় প্রায় ৭ লাখ ৫০ হাজার ইসরায়েলি বসতি স্থাপনকারী বসবাস করেন।

ফিলিস্তিনের উপনিবেশবিরোধী ও দেয়াল প্রতিরোধ কমিশনের হিসাব অনুযায়ী, গত অক্টোবর মাসে পশ্চিম তীরে ইসরায়েলি সেনাবাহিনী ও বসতি স্থাপনকারীরা সম্মিলিতভাবে ৩ হাজার ১৩৩টি হামলা চালিয়েছে। এর মধ্যে ১ হাজার ৭৬৪টি হামলার জন্য সেনাবাহিনী এবং ১ হাজার ৩৬৯টির জন্য বসতি স্থাপনকারীদের দায়ী করা হয়েছে।

পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জীবন ও সম্পত্তির ওপর ইসরায়েলি সেনা এবং বসতি স্থাপনকারীদের হামলা ক্রমেই বাড়ছে। বিশেষ করে ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসন শুরুর পর থেকে এ সহিংসতার মাত্রা আরও বেড়েছে।

সূত্র: আনাদোলু