ই-পেপার

নুসরাতের বাড়িতে আগুনের সম্ভাব্য কারণ শর্টসার্কিট

সংরক্ষিত নারী সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত

আপডেট: ১২ নভেম্বর ২০২৬, ২৩:০৪
১০ ভিউ
নুসরাতের বাড়িতে আগুনের সম্ভাব্য কারণ শর্টসার্কিট

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক : সংরক্ষিত নারী সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় পেট্রলবোমা বিস্ফোরণের কোনো আলামত পাওয়া যায়নি। প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুন লাগার সম্ভাবনা বেশি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের চতুর্থ দিনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নুসরাতের যে টিনশেড আধা-পাকা বাড়িতে আগুন লাগে, সেখানে কেউ বসবাস করতেন না। বাড়িটিতে দুটি ছাগল ও কিছু আসবাবপত্র ছিল। ওই বাড়ি থেকে প্রায় ২০ মিটার দূরে একটি তিনতলা ভবনে অবস্থান করেন নুসরাতের বাবা-মা।

ঘটনার খবর পাওয়ার পরপরই পাশের থানা থেকে ফায়ার সার্ভিসের গাড়ি এনে আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলে জানান সালাহউদ্দিন আহমদ। ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), পুলিশ সুপার (এসপি) এবং বিজিবির একটি দল। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধানে বিজিবি, ফায়ার সার্ভিস, পুলিশ ও সিভিল প্রশাসনের সমন্বয়ে যৌথ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রাথমিক তদন্তের তথ্য তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্থানীয় ব্যক্তিদের সঙ্গে আলোচনা এবং বিভিন্ন আলামত পর্যালোচনা করে পেট্রলবোমা বিস্ফোরণের কোনো শব্দ বা দেয়ালে এ ধরনের বিস্ফোরণের চিহ্ন পাওয়া যায়নি। ঘটনাস্থলের ছবি, দেয়াল ও অন্যান্য আলামত বিশ্লেষণে বাড়িটির পুরোনো অবস্থা এবং দুর্বল বৈদ্যুতিক সংযোগকে আগুনের সম্ভাব্য কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। তাঁর মতে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে।