ই-পেপার

আ.লীগকে নিষিদ্ধ করা হবে কিনা তা আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন: আইনমন্ত্রী

আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি না, তা এখনো আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন রয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

আপডেট: ২১ নভেম্বর ২০২৬, ২১:১৮
১৫ ভিউ
আ.লীগকে নিষিদ্ধ করা হবে কিনা তা আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন: আইনমন্ত্রী

ছবি সংগৃহীত: ফাইল ছবি

Writing


অনলাইন ডেস্ক

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় জাদুঘরে ঢাকাস্থ চুয়াডাঙ্গার শিক্ষার্থীদের মিলনমেলা ও শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে অংশ নেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

আইনমন্ত্রী বলেন, গোপালগঞ্জে আওয়ামী লীগের সহিংস কর্মকাণ্ডের বিচার ট্রাইব্যুনালে করা হবে কি না, সেটিও সরকার পর্যালোচনা করছে।

তিনি বলেন, গোপালগঞ্জে সহিংসতা চালিয়ে আওয়ামী লীগ হয়তো মনে করেছিল, সরকারও তাদের মতো গুলি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে। তবে বর্তমান সরকার সেই পথে হাঁটবে না। বরং আইন মেনেই পরিস্থিতি মোকাবিলা করা হবে।

তিনি আরও বলেন, গণহত্যার মাধ্যমে আওয়ামী লীগ দেশের ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় তৈরি করেছে। অথচ এসব কর্মকাণ্ড নিয়ে তাদের মধ্যে কোনো অনুশোচনা দেখা যায় না।

অনুষ্ঠানের আগে আইনমন্ত্রী বলেন, ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত বাংলাদেশে পৃথিবীর নিকৃষ্টতম ফ্যাসিবাদী শাসনের উত্থান ঘটবে, তা তারা আগে বুঝতে পারেননি। দীর্ঘ ১৬ বছরে গণতন্ত্র ও ভোটাধিকারের দাবিতে এবং ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও’ আন্দোলনে অংশ নিতে গিয়ে তাদের প্রায় সাড়ে চার হাজার সহযোদ্ধা গুলিতে প্রাণ হারিয়েছেন। এসব হত্যাকাণ্ডকে ‘ক্রসফায়ার’ হিসেবে চালিয়ে দেওয়া হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।

আইনমন্ত্রী আরও অভিযোগ করেন, তাদের ৭০০-এর বেশি সহযোদ্ধাকে তুলে নিয়ে গুম করা হয়েছিল। যাদের অনেকেই এখনো নিখোঁজ রয়েছেন। নিখোঁজ স্বজনদের ফিরে পাওয়ার আশায় এখনো অনেক পরিবারের সদস্যরা তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের পানি ফেলেন এবং প্রিয়জনের ফিরে আসার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন।

তিনি বলেন, গণতন্ত্রের পক্ষে কথা বলতে গিয়ে লাখ লাখ বিরোধীদলীয় নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছেন। গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকারের পক্ষে অবস্থান নেওয়ায় বিএনপির প্রায় ৬০ লাখ নেতাকর্মী রাজনৈতিক নিপীড়নের শিকার হয়েছেন বলে দাবি করেন তিনি।

সেই কঠিন পরিস্থিতি থেকে দেশ ও জাতিকে মুক্ত করতে জেন-জি যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, সে জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আইনমন্ত্রী।

তিনি আরও বলেন, জেন-জি প্রজন্ম নিজেদের ক্ষত, স্বজন হারানোর বেদনা, পরিবারের সদস্যদের আহাজারি এবং বন্ধু-সতীর্থদের আর্তচিৎকার ভুলে যায়নি। এই প্রজন্মকে সঙ্গে নিয়েই আগামীর বাংলাদেশ গড়ার সংগ্রাম অব্যাহত রাখবেন তারা।