ই-পেপার

ককটেল বিস্ফোরণে ফরিদপুরে কৃষক দল নেতা নিহত

ফরিদপুরের ভাঙ্গায় ককটেল বিস্ফোরণে রাজু মোল্লা (৩৪) নামে কৃষক দলের এক নেতা নিহত হয়েছেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি মিছিল থেকে ককটেল নিক্ষেপের সময় তিনি আহত হন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

আপডেট: ১৮ নভেম্বর ২০২৬, ০৯:০৪
২৬ ভিউ
ককটেল বিস্ফোরণে ফরিদপুরে কৃষক দল নেতা নিহত

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক:

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে উপজেলার হামিরদী ইউনিয়নের হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত রাজু মোল্লা নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আক্তার মোল্লার ছেলে। তিনি ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, রাত সোয়া ৯টার দিকে হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল বের করেন। এ সময় তারা ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন। মিছিল থেকে স্থানীয় বিএনপি কার্যালয়ে ভাঙচুরের পাশাপাশি ককটেল নিক্ষেপ করা হয়। এতে গুরুতর আহত হন রাজু মোল্লা।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে রাত ৮টার দিকে একই এলাকায় তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনাও ঘটে।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সোহাগ মিয়া জানান, রাজু মোল্লাকে হাসপাতালে আনার সময়ই তিনি মারা গিয়েছিলেন।

উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের একজন নেতাকে একা পেয়ে হত্যা করেছে।

এদিকে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. রায়হান গফুর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহ ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। তবে গুলি নাকি ককটেলের আঘাতে তার মৃত্যু হয়েছে, তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।