ই-পেপার

রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমারকে আইসিজের দোষী সাব্যস্ত

২০১৭ সালে রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালানোর দায়ে

আপডেট: ১৯ নভেম্বর ২০২৬, ২২:৫৮
১৪ ভিউ
রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমারকে আইসিজের দোষী সাব্যস্ত

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক : ২০১৭ সালে রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালানোর দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করেছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। বৃহস্পতিবার দেওয়া ঐতিহাসিক এ রায়ে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা জনগোষ্ঠীকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও দিয়েছেন জাতিসংঘের সর্বোচ্চ আদালত। কোনো রাষ্ট্রের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে আদালতের এ ধরনের রায় এই প্রথম।

আইসিজের প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়া রায়ে বলেন, গণহত্যা অপরাধ প্রতিরোধ ও শাস্তি বিষয়ক সনদের আওতায় নিজেদের বাধ্যবাধকতা লঙ্ঘন করে মিয়ানমার উত্তর রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে।

বহুল আলোচিত মামলাটিতে ৯ জন বিচারপতি মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার রায়ের পক্ষে এবং ছয়জন বিপক্ষে মত দিয়েছেন। ২০১৭ সালের নৃশংস সামরিক অভিযানে ক্ষতিগ্রস্ত সংখ্যালঘু রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারকরা।

ইওয়াসাওয়া জানান, সনদের বাধ্যবাধকতা ভঙ্গের ফলে সৃষ্ট ক্ষতির জন্য রোহিঙ্গা জনগোষ্ঠী ও এর সদস্যদের ক্ষতিপূরণ দিতে মিয়ানমার দায়বদ্ধ। পূর্বাবস্থায় ফিরিয়ে আনার মাধ্যমে ক্ষতি পূরণ না হওয়া পর্যন্ত এই দায় বহাল থাকবে। তবে ক্ষতিপূরণের নির্দিষ্ট অঙ্ক বা পদ্ধতি এখনই নির্ধারণ করেনি আদালত। তাঁর ভাষ্য, ক্ষতি পূরণের ব্যবস্থা ক্ষয়ক্ষতির মাত্রার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে এবং এ বিষয়ে বিচারপ্রক্রিয়ার পরবর্তী পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া উচিত।

রায়ের দুই বছরের মধ্যে মিয়ানমারকে একটি প্রতিবেদন জমা দিতে হবে। এতে রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দেওয়া অথবা তাঁদের পূর্বাবস্থায় ফিরিয়ে নেওয়ার জন্য কী ব্যবস্থা নেওয়া হবে, তার বিস্তারিত তুলে ধরতে হবে।

মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে নির্যাতনের ইতিহাস শুরু হয় আরও আগে। ১৯৮২ সালে দেশটি স্বীকৃত ১৩৫টি জাতিগোষ্ঠীর তালিকা থেকে রোহিঙ্গাদের বাদ দেয়। প্রজন্মের পর প্রজন্ম ধরে মিয়ানমারে বসবাস করলেও অনেক রোহিঙ্গা পরিবারকে ‘অভিবাসী বাঙালি’ হিসেবে আখ্যায়িত করা হয়। এরপর থেকে প্রায় পুরো জনগোষ্ঠীই নাগরিকত্ব হারায়। ফলে রোহিঙ্গারা বিশ্বের বৃহত্তম রাষ্ট্রহীন জনগোষ্ঠীতে পরিণত হন।

রোহিঙ্গা সশস্ত্র সংগঠন আরসার যোদ্ধারা পুলিশ ফাঁড়িতে হামলা চালানোর পর ২০১৬ সালের অক্টোবরে রাখাইনে ‘ক্লিয়ারেন্স অপারেশন’ শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী। ২০১৭ সালের আগস্টে সেই অভিযান ব্যাপক আকার ধারণ করে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, ওই অভিযানে প্রায় ১০ হাজার রোহিঙ্গা নিহত হন। প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হন ৭ লাখ ৪০ হাজার মানুষ।

জাতিসংঘের তদন্তকারীদের তথ্য অনুযায়ী, সেনাসদস্যরা শত শত গ্রাম পুড়িয়ে দেয়, ব্যাপক হত্যাকাণ্ড চালায় এবং রোহিঙ্গা নারী ও কিশোরীদের নিয়মিত ধর্ষণ ও গণধর্ষণ করে। তদন্তকারীরা মনে করেন, এসব যৌন সহিংসতা গণহত্যার উদ্দেশ্যের ইঙ্গিত বহন করে।

নির্যাতনের পর দায়ের করা মাত্র দুটি মামলায় কয়েকজন সেনাসদস্যকে দোষী সাব্যস্ত করার ঘোষণা দিয়েছিল মিয়ানমারের সামরিক বাহিনী। এর মধ্যে ইন দিন গ্রামে ১০ রোহিঙ্গা পুরুষ ও কিশোরকে হত্যার দায়ে সাত সেনাসদস্যকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। কিন্তু সাজা ভোগের এক বছর পূর্ণ হওয়ার আগেই তাঁদের মুক্তি দেওয়া হয়।

এদিকে ২০২৩ সালে সেনাবাহিনীর সঙ্গে সংঘাত নতুন করে শুরু হলে রাখাইন রাজ্যের বেশির ভাগ এলাকা দখলে নেয় জাতিগত রাখাইন সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয় গত আগস্টে জানায়, মিয়ানমারের সেনাবাহিনী ও আরাকান আর্মি—উভয় পক্ষই রোহিঙ্গাদের ওপর ব্যাপক ও পদ্ধতিগত নির্যাতন চালিয়েছে। আরাকান আর্মির বিরুদ্ধে নির্যাতন, যৌন সহিংসতা এবং জোরপূর্বক নিয়োগের অভিযোগও রয়েছে।

জাতিসংঘের তথ্য বলছে, নতুন করে নির্যাতনের কারণে ২০২৪ সালের শুরু থেকে ১ লাখ ৫৫ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছেন। সব মিলিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা প্রায় ১২ লাখে পৌঁছেছে।

এসব শরণার্থীর প্রায় সবাই কক্সবাজারের ছোট ও ঘনবসতিপূর্ণ শিবিরগুলোতে থাকেন। তাঁদের জীবনযাপনের বড় অংশই নির্ভর করে আন্তর্জাতিক সহায়তার ওপর। কিন্তু গত কয়েক বছরে সেই সহায়তা উল্লেখযোগ্যভাবে কমেছে। বিশেষ করে ২০২৫ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বৈদেশিক সাহায্য কমিয়ে দেওয়ার পর সংকট আরও বেড়েছে।

বর্তমানে অধিকাংশ শরণার্থী আগের তুলনায় কম খাদ্য রেশন পাচ্ছেন। অনেক শিবিরের স্কুলও বন্ধ হয়ে গেছে। জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার সতর্ক করে বলেছেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে আসা রোহিঙ্গারা পর্যাপ্ত খাবার, বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

সূত্র: এএফপি, বিবিসি, আল জাজিরা।