ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় কোয়াড শীর্ষ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র
ছবি সংগৃহীত: ফাইল ছবি
অনলাইন ডেস্ক : ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় কোয়াড শীর্ষ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার সম্মেলনে মোদিকে ‘অত্যন্ত কঠিন মানুষ’ হিসেবে উল্লেখ করার পাশাপাশি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির দৃঢ়তারও প্রশংসা করেন তিনি।
মোদির পাশে দাঁড়িয়ে তাঁর দিকে ইঙ্গিত করে ট্রাম্প বলেন, ‘‘তিনি খুব শক্ত মনের মানুষ।’’ এরপর তাকাইচির দিকে ইশারা করে মার্কিন প্রেসিডেন্ট মন্তব্য করেন, ‘‘তিনি সম্ভবত আরও বেশি কঠিন।’’
এ সময় মোদি, তাকাইচি ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবেনিজকে পাশে নিয়ে ট্রাম্প বলেন, এই তিন নেতা ও তাঁদের দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক শুরু থেকেই চমৎকার। তাঁদের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, তাঁরা অসাধারণ মানুষ এবং তাঁর বন্ধু।
পরবর্তী একটি বৈঠকেও মোদির প্রতি নিজের প্রশংসা পুনর্ব্যক্ত করেন ট্রাম্প। তিনি ভারতীয় প্রধানমন্ত্রীকে বন্ধু ও মহান নেতা হিসেবে অভিহিত করেন এবং বলেন, বিশ্বজুড়েই তিনি অত্যন্ত সম্মানিত।
মোদিকে নিয়ে ট্রাম্পের ইতিবাচক মন্তব্য অবশ্য নতুন নয়। চলতি বছরের শুরুতে এক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারেও তাঁকে ‘মহান নেতা’ ও ‘খুব শক্ত মনের মানুষ’ বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। একই সঙ্গে মোদিকে বিশ্বের সবচেয়ে প্রশংসিত নেতাদের একজন হিসেবেও উল্লেখ করেছিলেন তিনি।
গত জুনে প্রকাশিত ওই সাক্ষাৎকারে ভারতের রাজনৈতিক স্থিতিশীলতার প্রসঙ্গ টেনে মোদির নেতৃত্বের উদাহরণ দেন ট্রাম্প। তাঁর ভাষ্য ছিল, সারাজীবন ভারতকে পর্যবেক্ষণ করে তিনি দেশটিতে বারবার নেতৃত্বের পরিবর্তন দেখেছেন। কেউ ছয় মাস, কেউ এক বছর দায়িত্বে থাকতেন। এরপর মোদি প্রধানমন্ত্রী হন। ১২ বছরেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকা মোদিকে তিনি অত্যন্ত কঠিন মানুষ বলেও মন্তব্য করেন।
এদিকে, এ বছর দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের বার্ষিক শীর্ষ সম্মেলনের পাশাপাশি ২০২৪ সালের পর প্রথম কোয়াড শীর্ষ সম্মেলনের আয়োজক হয়েছে ফিলিপাইন। এর আগে সর্বশেষ সশরীরে কোয়াড নেতাদের সম্মেলন হয়েছিল ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে। সে সম্মেলনের আয়োজন করেছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ভারত, যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়াকে নিয়ে গঠিত এই জোটের নাম কোয়াড।
সূত্র: এনডিটিভি।