এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের আকস্মিক পদত্যাগ প্রযুক্তি বিশ্বের
ছবি সংগৃহীত: ফাইল ছবি
অনলাইন ডেস্ক : এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের আকস্মিক পদত্যাগ প্রযুক্তি বিশ্বের প্রভাবশালী প্রতিষ্ঠাতাদের নেতৃত্বের ভবিষ্যৎ নিয়ে নতুন প্রশ্ন তুলেছে। বিশেষ করে ইলন মাস্কের মতো উদ্যোক্তাদের ব্যবসায়িক সাম্রাজ্য যাদের ব্যক্তিগত নেতৃত্বের ওপর অনেকাংশে নির্ভরশীল, তাদের উত্তরসূরি পরিকল্পনা কতটা প্রস্তুত, তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণ বলছে, প্রতিষ্ঠানের জন্য অপরিহার্য বলে বিবেচিত শীর্ষ নির্বাহীকেও অল্প সময়ের মধ্যে দায়িত্ব ছাড়তে হতে পারে—হুয়াংয়ের ঘটনা সেই বাস্তবতাই সামনে এনেছে।
এনভিডিয়া থেকে হুয়াংয়ের পদত্যাগের পর গত সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ বিষয়ে প্রতিক্রিয়া জানান ইলন মাস্ক। এক ব্যবহারকারী লিখেছিলেন, ‘প্রতিষ্ঠাতার জায়গা অন্য কাউকে দিয়ে পূরণ করা যায় না।’ উত্তরে মাস্ক লেখেন, ‘সত্য কথা।’
প্রায় দুই দশক ধরে টেসলা ও স্পেসএক্সের নেতৃত্ব দিচ্ছেন মাস্ক। তবে তিনি দায়িত্ব ছেড়ে দিলে তার স্থলাভিষিক্ত কে হবেন, সে বিষয়ে সুস্পষ্ট পরিকল্পনা না থাকাকে দীর্ঘদিন ধরেই উদ্বেগের বিষয় হিসেবে দেখছেন প্রতিষ্ঠান দুটির বিনিয়োগকারীরা। আর্থিক নথিতেও কোম্পানি দুটি স্বীকার করেছে, তাদের ব্যবসা মাস্কের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। তার অনুপস্থিতি বড় ক্ষতি থেকে শুরু করে বিপর্যয় পর্যন্ত ডেকে আনতে পারে।
স্পেসএক্সের শেয়ারবাজারে তালিকাভুক্তির জন্য জমা দেওয়া নথিতে বলা হয়েছে, মাস্কের সমপর্যায়ের দক্ষতা ও অভিজ্ঞতাসম্পন্ন কাউকে খুঁজে বের করা এবং বাজারের আস্থা বজায় রাখতে সক্ষম উত্তরসূরি নিয়োগ করা দীর্ঘ ও অনিশ্চিত প্রক্রিয়া হতে পারে। টেসলার নথিতেও উত্তরসূরি পরিকল্পনার উল্লেখ রয়েছে। তবে মাস্কের এক লাখ কোটি ডলারের পারিশ্রমিক প্যাকেজের শেষ দুই কিস্তি পেতে হলে তাকে এ পরিকল্পনার কাঠামো তৈরি করতে হবে।
একই ধরনের নেতৃত্বসংকটের ঝুঁকিতে রয়েছে মেটাও। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের মৃত্যু কিংবা অন্য কোনো কারণে দায়িত্ব পালনে অক্ষমতা তৈরি হলে কোম্পানির কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে বিনিয়োগকারীদের সতর্ক করেছে মেটা। তবে জাকারবার্গের উত্তরসূরি নিয়েও প্রকাশ্যে কোনো পরিকল্পনা নেই।
করপোরেট সুশাসন বিশেষজ্ঞ নেল মিনোর মতে, প্রতিষ্ঠাতা-নির্ভর কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ উত্তরসূরি তৈরি করার সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বটি প্রায়ই যথাযথভাবে পালন করে না। প্রতিষ্ঠাতারা অনেক সময় আশঙ্কা করেন, উত্তরসূরির নাম ঘোষণা করলে প্রতিষ্ঠানে তাদের প্রভাব কমে যেতে পারে।
স্পেসএক্সের বিনিয়োগকারী রস গারবার মনে করেন, হুয়াংয়ের ঘটনা মাস্কের বড় আশঙ্কার জায়গাটি স্পষ্ট করেছে। তার ভাষায়, ইলনের চেয়েও বড় একজন ব্যক্তিকে এক সপ্তাহের মধ্যে সরিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনা মাস্ককে উদ্বিগ্ন করার মতো।
ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, টেসলা, স্পেসএক্স, মেটা ও এনভিডিয়ায় অন্তত ২ লাখ ৮০ হাজার কর্মী কাজ করেন। কোম্পানিগুলোর সম্মিলিত বাজারমূল্য এসঅ্যান্ডপি ৫০০ সূচকের প্রায় ২০ শতাংশ। তাই এসব প্রতিষ্ঠানের শীর্ষ নেতৃত্বে আকস্মিক পরিবর্তনের প্রভাব বিনিয়োগকারীদের গণ্ডি ছাড়িয়ে আরও বিস্তৃত হতে পারে।
অবশ্য প্রতিষ্ঠাতার বিদায়ে কোনো প্রতিষ্ঠান টিকে থাকতে পারে না, এমন ধারণারও নজির নেই। অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবসের মৃত্যুর পরও কোম্পানিটির বাজারমূল্য উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একইভাবে অ্যালফাবেট, মাইক্রোসফট ও অ্যামাজন প্রতিষ্ঠাতারা প্রধান নির্বাহীর পদ ছাড়ার পরও নিজেদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।