ই-পেপার

দেশজুড়ে নিরাপত্তা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাস

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট: ১৫ নভেম্বর ২০২৬, ২২:০৯
১৪ ভিউ
দেশজুড়ে নিরাপত্তা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাস

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক : দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, নাশকতা ও সন্ত্রাসের যেকোনো চেষ্টা প্রতিহত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দৃঢ়প্রতিজ্ঞ।

রোববার জাতীয় সংসদে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ষষ্ঠ বৈঠকে এসব কথা বলেন তিনি। এ সময় মাদক প্রতিরোধে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ১০৮ কিলোমিটার এলাকায় বর্ডার ফেন্সিং নির্মাণ ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়ার কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি জয়নুল আবেদীন এমপি। মাদক উৎপাদন, সরবরাহ ও পাচারের উৎস শনাক্ত করে সেগুলো নির্মূলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি। একই সঙ্গে মাদক ব্যবসার সঙ্গে জড়িত অর্থনৈতিক নেটওয়ার্ক এবং অপরাধলব্ধ অর্থের প্রবাহ তদন্তের সুপারিশ করেন।

কমিটির সদস্য হুইপ রকিবুল ইসলাম বলেন, উন্নত দেশগুলোর আদলে সীমান্তে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন। পাশাপাশি ড্রোন সার্ভেইল্যান্সের কার্যকর প্রয়োগ বাড়ানোর ওপরও জোর দেন তিনি।

অন্য সদস্য হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু এমপি বলেন, মাদকের ব্যবহার নিয়ন্ত্রণে প্রথমেই সামাজিক বিপ্লব প্রয়োজন। তাঁর মতে, এটি কোনো একটি মন্ত্রণালয় বা বাহিনীর একক কাজ কিংবা দায়িত্ব নয়; বরং সমন্বিত জাতীয় দায়িত্ব।

বৈঠকে মাদকদ্রব্য-সংক্রান্ত অপরাধ নির্মূলে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দ্রুত নিশ্চিত করার সুপারিশ করা হয়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথাও বলা হয়।

এ ছাড়া দেশে মাদক প্রবেশের ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকা ও রুট শনাক্ত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। মাদক চোরাচালান ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্ট গার্ড, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বিত নজরদারি, অভিযান এবং কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের বিষয়গুলো পর্যালোচনা করা হয়।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, কামরুজ্জামান, মনোয়ার হোসেন ও শিরীন সুলতানা। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশ মহাপরিদর্শক এবং মন্ত্রণালয়ের আওতাধীন অধিদপ্তরগুলোর মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।