যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নতুন শুল্ক আরোপের মুখে বাণিজ্যযুদ্ধের বিরোধিতা
ছবি সংগৃহীত: ফাইল ছবি
অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নতুন শুল্ক আরোপের মুখে বাণিজ্যযুদ্ধের বিরোধিতা করেছে চীন। তবে ওয়াশিংটনের সিদ্ধান্তের জবাবে পাল্টা শুল্ক কিংবা কোনো প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়ার হুমকি দেয়নি বেইজিং।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেছেন, ‘অতিরিক্ত উৎপাদন সক্ষমতা’ নিয়ে উত্থাপিত অভিযোগ সম্পূর্ণ ‘মিথ্যা বিষয়’। রাজনৈতিক উদ্দেশ্যে এ অভিযোগকে অজুহাত হিসেবে ব্যবহারেরও বিরোধিতা করেছে তাঁর দেশ। বুধবার (২৫ নভেম্বর) দেওয়া বক্তব্যে তিনি বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে স্থিতিশীল সম্পর্ক বজায় রাখার আহ্বান জানান। খবর রয়টার্সের।
যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের ঘোষণা শিগগিরই আসতে পারে—এমন খবরের মধ্যেই চীনের এই অবস্থান সামনে এল। তবে ওয়াশিংটন আনুষ্ঠানিকভাবে নতুন শুল্ক ঘোষণা করার পর বেইজিংয়ের পক্ষ থেকে আর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।
চীনের বক্তব্যে বাণিজ্যযুদ্ধের বিরোধিতার পাশাপাশি অতিরিক্ত উৎপাদন সক্ষমতা নিয়ে মার্কিন অভিযোগের প্রতি আপত্তি স্পষ্ট হয়েছে। যদিও নতুন শুল্ক কার্যকর হলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চীন কী ধরনের পদক্ষেপ নেবে, সে বিষয়ে এখনো কোনো ঘোষণা দেয়নি বেইজিং।