ই-পেপার

বিশ্বের প্রথম পতঙ্গ হিসেবে আইনি অধিকার পেল পেরুর হুলহীন মৌমাছি

দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে বিশ্বের প্রথম পতঙ্গ হিসেবে আইনি অধিকারের স্বীকৃতি পেয়েছে হুলহীন মৌমাছি।

আপডেট: ২৩ নভেম্বর ২০২৬, ০০:৩৯
৭ ভিউ
বিশ্বের প্রথম পতঙ্গ হিসেবে আইনি অধিকার পেল পেরুর হুলহীন মৌমাছি

ছবি সংগৃহীত: ফাইল ছবি


অনলাইন ডেস্ক

দেশটির দুটি স্থানীয় পৌর সরকারের অনুমোদিত ঘোষণাপত্রে মৌমাছিগুলোর বেঁচে থাকা, বংশবিস্তার, সুস্থ পরিবেশে বসবাস এবং আইনি প্রতিনিধিত্ব পাওয়ার অধিকার নিশ্চিত করা হয়েছে। পরিবেশবাদী সংগঠন, বন্যপ্রাণী সংরক্ষণবিদ ও আদিবাসী জনগোষ্ঠীর দীর্ঘ প্রচেষ্টার ফলে এই ঐতিহাসিক স্বীকৃতি এসেছে।

পৃথিবীতে ৬০০টিরও বেশি প্রজাতির হুলহীন মৌমাছি রয়েছে। কোনো কোনো প্রজাতির দৈর্ঘ্য মাত্র ৫ মিলিমিটার হলেও পরাগায়নে এদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পেরুতে ১৭৫টিরও বেশি প্রজাতির হুলহীন মৌমাছি রয়েছে। দেশটির চিরহরিৎ বনের বাস্তুতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হয় এসব পতঙ্গ।

তবে বন উজাড়, কীটনাশকের ব্যবহার ও জলবায়ু পরিবর্তনের কারণে মৌমাছিগুলোর সংখ্যা কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে রাসায়নিক জীববিজ্ঞানী, লেখক এবং অলাভজনক সংস্থা অ্যামাজন রিসার্চ ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা রোজা ভাসকুয়েজ এসপিনোজা ও তাঁর সহযোগীরা হুলহীন মৌমাছির আইনি অধিকার নিশ্চিতের উদ্যোগ নেন। এই কাজের স্বীকৃতি হিসেবে এসপিনোজা ২০২৬ সালের রোলেক্স অ্যাওয়ার্ডস জয়ী হয়েছেন।

নাম হুলহীন হলেও এসব মৌমাছির হুল রয়েছে। তবে তা অত্যন্ত ছোট বা অকার্যকর হওয়ায় আত্মরক্ষায় তেমন কাজে আসে না। কিছু প্রজাতি বাসা রক্ষায় জোরে শব্দ করে এবং কামড় দেয়। সাধারণত গাছের ফাঁপা কাণ্ড, মাটির নিচে কিংবা মানুষের তৈরি স্থাপনার বিভিন্ন ফাটলে এদের বাসা দেখা যায়।

২০২০ সালে হুলহীন মৌমাছি নিয়ে গবেষণা শুরু করেন এসপিনোজা। একপর্যায়ে তিনি জানতে পারেন, পেরুর আইনে এই মৌমাছিদের বিষয়ে কোনো উল্লেখ নেই, যদিও এগুলো দেশটির নিজস্ব প্রজাতি। এসপিনোজার ভাষ্য, মৌমাছিগুলোর বেঁচে থাকার পাশাপাশি দূষণ, কীটনাশক ও আগ্রাসী প্রজাতিমুক্ত পরিবেশে বিচরণের অধিকারও থাকা প্রয়োজন। তারা নিজেদের পক্ষে আদালতে কথা বলতে পারে না। তাই মানুষকেই তাদের অধিকার রক্ষায় ভূমিকা রাখতে হবে।

প্রকৃতির অধিকারকে আইনি স্বীকৃতি দেওয়ার আন্তর্জাতিক আন্দোলন সাম্প্রতিক বছরগুলোতে জোরালো হয়েছে। ২০২২ সালে স্পেনের মার মেনর লেগুনের বাস্তুতন্ত্র এবং ২০২৪ সালে পেরুর মারানিয়ন নদীকে আইনি সত্তার মর্যাদা দেওয়ার উদ্যোগ এ ক্ষেত্রে উল্লেখযোগ্য।

এসব উদ্যোগ থেকে অনুপ্রাণিত হয়ে অ্যামাজন রিসার্চ ইন্টারন্যাশনাল এবং পরিবেশ আইনবিষয়ক বৈশ্বিক অলাভজনক সংস্থা আর্থ ল সেন্টার যৌথভাবে হুলহীন মৌমাছির অধিকার ঘোষণাপত্র তৈরি করে। এতে স্থানীয় অংশীদার হিসেবে যুক্ত ছিল হাজার হাজার আদিবাসী পেরুভিয়ানের প্রতিনিধিত্বকারী সংগঠন ইকোআশানিনকা, রিজার্ভা কমুনাল আশানিনকা এবং অ্যাসোসিয়াসিওন দে মেলিপোনিকাল্টোরেস রেজিওন লোরেতো।

সম্মিলিত প্রচেষ্টার পর ২০২৫ সালের অক্টোবরে স্যাতিপো এবং ২০২৬ সালের জানুয়ারিতে নওতা প্রদেশে ঘোষণাপত্রটি পাস হয়। এর ফলে এখন এসপিনোজার সংস্থা ও আশানিনকা আদিবাসী নেতাদের মতো সংগঠনগুলো মৌমাছিদের অধিকার লঙ্ঘিত হলে পেরুর আদালতে অভিযোগ জানাতে পারবে।

আইনটি বাস্তবায়নে এসপিনোজার সংস্থা, আশানিনকা জনগোষ্ঠী ও স্থানীয় পৌর সরকারগুলো একসঙ্গে কাজ করছে। ঘোষণাপত্রে স্বীকৃত অধিকার কখন এবং কীভাবে লঙ্ঘিত হচ্ছে, তা নির্ধারণের পাশাপাশি প্রয়োজনীয় বিধিমালা তৈরি করতে হবে। উদাহরণ হিসেবে, সংরক্ষিত মৌচাক থাকা কোনো গাছ কেটে ফেললে কী ধরনের শাস্তি দেওয়া হবে, তা নির্ধারণের বিষয়টি সামনে এসেছে।

এসপিনোজা আশা করছেন, পৌর সরকার এ বছরই এ-সংক্রান্ত বিধিমালা অনুমোদন করবে। গবেষক ফিগেলিস্টও আইনটির গুরুত্ব তুলে ধরে বলেছেন, মৌমাছির প্রজাতিগুলোকে দীর্ঘমেয়াদে সুরক্ষার ক্ষেত্রে এটি কেবল প্রথম পদক্ষেপ। তাঁর মতে, কাজের পরিধি বাড়ানোর পাশাপাশি আইন বাস্তবায়নের ভিত্তি শক্তিশালী করা জরুরি।

পেরুর অন্যান্য প্রদেশেও এই উদ্যোগের প্রতি আগ্রহ তৈরি হয়েছে। কুসকো অঞ্চলের পিচারি ও ইউনিওন আশানিনকা পৌরসভা ইতিমধ্যে আইনটি স্থানীয়ভাবে অনুমোদন করেছে। এসপিনোজা জানান, ছয়টি মহাদেশের ১৪টি দেশের বিভিন্ন সংগঠনও তাঁদের সঙ্গে যোগাযোগ করেছে। এসব সংগঠন নিজেদের দেশের স্থানীয় মৌমাছির প্রজাতি রক্ষায় একই ধরনের আইন চালু করতে আগ্রহী।

এসপিনোজার ভাষ্য অনুযায়ী, এখন পর্যন্ত এই আইনের আওতায় আদালতে কোনো মামলা হয়নি। তবে পেরুর কর্তৃপক্ষ ও স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে বেশ কিছু ইতিবাচক উদ্যোগ দেখা যাচ্ছে। এর মধ্যে রয়েছে হুলহীন মৌমাছি সংরক্ষণ ও মৌচাষ বাড়াতে কর্মশালা আয়োজন, স্কুলের পাঠ্যবইয়ে এসব মৌমাছির বিষয় অন্তর্ভুক্ত করা এবং মৌমাছি সংরক্ষণে কাজ করা আদিবাসীদের জীবিকা উন্নয়নে স্থানীয় বাজার গড়ে তোলা।

এসপিনোজা বলেন, এসব উদ্যোগ তাঁকে আশাবাদী করে তুলেছে। তাঁর মতে, এটি কোনো সাময়িক জয় নয়; বরং দীর্ঘমেয়াদি ও টেকসই প্রচেষ্টার ফল।