থাইল্যান্ডের পর্যটন দ্বীপ ফুকেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ জন নিহত হয়েছেন। এ
ছবি সংগৃহীত: ফাইল ছবি
অনলাইন ডেস্ক : থাইল্যান্ডের পর্যটন দ্বীপ ফুকেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সোমবার ভোররাতে দ্বীপটির পশ্চিম উপকূলে পাটং সৈকতের কাছের একটি শহর এলাকায় আগুনের সূত্রপাত হয়। থাই কর্তৃপক্ষের বরাত দিয়ে রয়টার্স জানায়, স্থানীয় সময় রাত ৩টা ১৭ মিনিটে একটি ভবনে আগুন লাগে। ভবনটিতে যানবাহন ভাড়ার একটি প্রতিষ্ঠান ছিল। পরে আগুন আশপাশের আরও কয়েকটি ভবনে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা।
পুলিশ জানিয়েছে, হতাহতদের মধ্যে কোনো পর্যটক নেই। আহত ১৬ জনের মধ্যে ১৫ জন থাইল্যান্ডের নাগরিক এবং একজন মিয়ানমারের নাগরিক।
অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।
উল্লেখ্য, এর চার মাস আগে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বারে অগ্নিকাণ্ডে অন্তত ২৭ জন নিহত হয়েছিলেন।