ই-পেপার

ভুয়া ভিডিও কলে ৪০ কোটি ডলারের ক্রিপ্টো চুরি

ভুয়া ভিডিও কলের মাধ্যমে পরিচয়সংক্রান্ত তথ্য হাতিয়ে নিয়ে ৪০ কোটি ডলারেরও

আপডেট: ১৩ নভেম্বর ২০২৬, ২১:৪১
৩৩ ভিউ
ভুয়া ভিডিও কলে ৪০ কোটি ডলারের ক্রিপ্টো চুরি

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক : ভুয়া ভিডিও কলের মাধ্যমে পরিচয়সংক্রান্ত তথ্য হাতিয়ে নিয়ে ৪০ কোটি ডলারেরও বেশি মূল্যের ক্রিপ্টোকারেন্সি চুরি করেছে উত্তর কোরিয়ার রাষ্ট্র-সমর্থিত হ্যাকাররা। গত ১৮ মাসে ৯০০ জনের বেশি মানুষ এই প্রতারণার শিকার হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। সংস্থাটি এই কৌশলের নাম দিয়েছে ‘ফেসস্টিলার’।

এফবিআইয়ের সাইবার বিভাগের পরিচালক ব্রেট লেদারম্যান বলেন, অবৈধ অস্ত্র কর্মসূচিতে অর্থ জোগাতে উত্তর কোরিয়ার সরকার বড় ধরনের ক্রিপ্টোকারেন্সি চুরির ওপর নির্ভর করছে। সাম্প্রতিক বছরগুলোতে এভাবে কয়েক শত কোটি ডলারের ক্রিপ্টোকারেন্সি হাতিয়ে নিয়েছে দেশটি।

এর এক সপ্তাহ আগেই বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি বিনিময় প্ল্যাটফর্ম বাইন্যান্স জানায়, ভুয়া চাকরির সাক্ষাৎকারের ফাঁদে ফেলে হ্যাকাররা তাদের কাছ থেকে রেকর্ড ৬৩০ কোটি ডলারের ক্রিপ্টোকারেন্সি চুরি করেছে। ব্রিটিশ মুদ্রায় এর পরিমাণ ৪৭০ কোটি পাউন্ড।

মার্কিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারণা, এ পর্যন্ত সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি চুরির ওই ঘটনার সঙ্গে উত্তর কোরিয়াসংশ্লিষ্ট ব্যক্তি বা গোষ্ঠী জড়িত। তবে পিয়ংইয়ং এ অভিযোগ অস্বীকার করেছে।

এফবিআই জানিয়েছে, ‘ফেসস্টিলার’ কৌশলে প্রধানত ক্রিপ্টোকারেন্সি ও ওয়েব৩ খাতের কর্মীদের নিশানা করা হচ্ছে। বিশেষ করে ওপেন-সোর্স সফটওয়্যার তৈরি ও রক্ষণাবেক্ষণের কাজে যুক্ত ব্যক্তিরা হ্যাকারদের লক্ষ্যবস্তু।

এফবিআই ও আদালতের নথি অনুযায়ী, এ প্রতারণায় জুম, মাইক্রোসফট টিমস ও গুগল মিটের নকল সংস্করণ ব্যবহার করা হয়। আগে থেকে ধারণ করা ভিডিও দেখিয়ে ভুক্তভোগীদের ভিডিও কলে আমন্ত্রণ জানায় হ্যাকাররা। এসব ভিডিওতে এমন পরিচিত ব্যক্তিদের দেখানো হয়, যাদের সঙ্গে ভুক্তভোগীদের আগে থেকেই যোগাযোগ রয়েছে। ফলে কলটি বিশ্বাসযোগ্য মনে হয়।

কথোপকথনের সময় হ্যাকাররা ইচ্ছাকৃতভাবে অডিওতে সমস্যা হচ্ছে বলে ভান করে। এরপর সমস্যা সমাধানের কথা বলে ভুক্তভোগীর কম্পিউটার বা মোবাইলের পর্দায় একটি লিংক পাঠানো হয়। ওই লিংকে ক্লিক করলেই ডিভাইসে ম্যালওয়্যার বা ক্ষতিকর সফটওয়্যার ডাউনলোড হয়ে যায়। এর মাধ্যমে হ্যাকাররা যোগাযোগের তালিকা এবং বিভিন্ন অ্যাপ ব্যবহারের সুযোগ পেয়ে যায়।

এই তথ্য কাজে লাগিয়ে তারা নতুন ব্যক্তিদেরও প্রতারণার ফাঁদে ফেলতে পারে। মার্কিন কর্তৃপক্ষের ভাষ্য, হ্যাকাররা গোপনে ভিডিও কলগুলো রেকর্ড করে রাখে। পরে সেই রেকর্ড ব্যবহার করে অন্যদের সঙ্গে একই কৌশলে প্রতারণা চালায়।

এফবিআইয়ের মতে, ‘ফেসস্টিলার’ অত্যন্ত কার্যকর একটি প্রতারণার পদ্ধতি। এর মাধ্যমে প্রযুক্তিতে দক্ষ এবং সাইবার নিরাপত্তা সম্পর্কে সচেতন ব্যক্তিদেরও বিভ্রান্ত করা সম্ভব।

বৃহস্পতিবার এক বিবৃতিতে এফবিআইয়ের লস অ্যাঞ্জেলেস কার্যালয়ের সহকারী পরিচালক প্যাট্রিক গ্র্যান্ডি বলেন, ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্মের প্রতি মানুষের আস্থা এবং ব্যক্তিগত পরিচিতির সম্পর্ককে কাজে লাগিয়েই এই প্রতারণা চালানো হচ্ছে। তিনি সতর্ক করে বলেন, ‘আপনি যদি মনে করেন, এমন পরিস্থিতিতে কখনোই আপনার প্রতারিত হওয়ার আশঙ্কা নেই, তাহলে বুঝতে হবে আপনি বিষয়টি যথেষ্ট গভীরভাবে বিবেচনা করছেন না।’