ই-পেপার

এআইয়ের ওপর অতিনির্ভরতা, প্রশিক্ষণে বাড়ছে ঝুঁকি

একটি নির্দেশনা বা প্রম্পট দিয়েই কয়েক মিনিটে পূর্ণাঙ্গ প্রশিক্ষণ কর্মসূচি তৈরি

আপডেট: ১৩ নভেম্বর ২০২৬, ২২:০৮
১৩ ভিউ
এআইয়ের ওপর অতিনির্ভরতা, প্রশিক্ষণে বাড়ছে ঝুঁকি

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক : একটি নির্দেশনা বা প্রম্পট দিয়েই কয়েক মিনিটে পূর্ণাঙ্গ প্রশিক্ষণ কর্মসূচি তৈরি করছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। প্রশিক্ষণের লক্ষ্য, পাঠ্যসূচি, প্রশিক্ষকের নির্দেশিকা, অনুশীলন, কেস স্টাডি ও মূল্যায়ন পদ্ধতি—সবই সাজিয়ে দিচ্ছে প্রযুক্তিটি। এতে সময় ও অর্থ সাশ্রয় হলেও এআইনির্ভর উপকরণ কার্যকর প্রশিক্ষণের নিশ্চয়তা দিচ্ছে না। মানুষের অভিজ্ঞতা, আবেগীয় বুদ্ধিমত্তা ও যোগাযোগের দক্ষতা উপেক্ষা করলে প্রশিক্ষণের মূল উদ্দেশ্যই ব্যাহত হতে পারে। তাই এআইকে ব্যবহারের আগে দেওয়া নির্দেশনা এবং তৈরি উপকরণের কার্যকারিতা যাচাই করা জরুরি।

প্রশিক্ষণ ও উন্নয়ন খাতের এবারের বাজেটে প্রথমবারের মতো সম্ভাব্য অতিরিক্ত ব্যয়ের জন্য কোনো অর্থ বরাদ্দ রাখিনি। আগে প্রতিবছর এ খাতে নির্দিষ্ট পরিমাণ অর্থ সংরক্ষণ করা হতো। বছরের মাঝামাঝি নতুন প্রশিক্ষণের প্রয়োজন দেখা দিলে, বিশেষ করে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ দক্ষতার ঘাটতি পূরণে, সেই অর্থ ব্যয় করা যেত। কারণ, প্রশিক্ষণের বিষয়বস্তু তৈরি, কর্মসূচি সাজানো কিংবা প্রশিক্ষকের নির্দেশিকা প্রস্তুত করতে প্রায়ই বাইরের বিশেষজ্ঞদের সহায়তা প্রয়োজন হতো।

এবার সেই বরাদ্দ না রাখার অর্থ এই নয় যে, প্রতিষ্ঠানের সব ধরনের দক্ষতার ঘাটতি পূরণ হয়ে গেছে। বরং এআই প্রশিক্ষণের উপকরণ তৈরির খরচ ও প্রক্রিয়ায় বড় পরিবর্তন এনেছে। এখন যেকোনো বিষয়ে একটি এআই প্ল্যাটফর্মকে নির্দেশনা দিলেই কয়েক মিনিটে শেখার লক্ষ্য, সাজানো মডিউল, প্রশিক্ষকের নির্দেশিকা, অনুশীলন, কেস স্টাডি, মূল্যায়ন ও বিস্তারিত প্রশিক্ষণ নোট পাওয়া যাচ্ছে। আগে এসব তৈরিতে বাইরের পরামর্শক ও বিশেষজ্ঞদের পেছনে বড় অঙ্কের অর্থ এবং দীর্ঘ সময় ব্যয় করতে হতো।

বাজেটের হিসাবে এটি বড় ধরনের সাশ্রয়। কিন্তু উপকরণ তৈরির সক্ষমতা বাড়লেই কি কার্যকর প্রশিক্ষণ নিশ্চিত হয়? এআইয়ের উৎপাদনশীলতা নিয়ে উচ্ছ্বাসের মধ্যে এই মৌলিক প্রশ্নটি প্রায়ই আড়ালে থেকে যাচ্ছে।

এখানেই মানবিক বুদ্ধিমত্তার গুরুত্ব সামনে আসে। প্রশিক্ষণ কেবল তথ্য সরবরাহের বিষয় নয়। তা হলে বহু আগেই প্রশিক্ষকের জায়গা পাঠ্যবই দখল করত। একজন সাধারণ ও অসাধারণ প্রশিক্ষকের পার্থক্য শুধু পাওয়ারপয়েন্ট উপস্থাপনায় নয়; বরং প্রশিক্ষণ চলাকালে অংশগ্রহণকারীদের সঙ্গে তিনি কীভাবে যোগাযোগ করছেন, সেটিই আসল।

দক্ষ প্রশিক্ষক বুঝতে পারেন কখন অংশগ্রহণকারীরা মনোযোগ হারাচ্ছেন। তাদের শারীরিক ভাষা ও প্রতিক্রিয়া দেখে বিভ্রান্তি, অনাগ্রহ কিংবা কৌতূহল শনাক্ত করতে পারেন। কোনো বিষয় বুঝতে সময় লাগলে প্রশিক্ষণের গতি কমান, আবার সবাই বুঝে গেলে দ্রুত পরবর্তী ধাপে এগিয়ে যান। পেছনের সারিতে নীরবে বসে থাকা কারও কাছেও গুরুত্বপূর্ণ মতামত থাকতে পারে। সেই ব্যক্তিকে কথা বলতে উৎসাহিত করা এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করাও প্রশিক্ষকের দায়িত্ব।

গল্প বলার ক্ষমতাও কার্যকর প্রশিক্ষণের অন্যতম উপাদান। স্মরণীয় প্রশিক্ষকেরা শুধু তত্ত্ব বা কাঠামো তুলে ধরেন না; ব্যক্তিগত অভিজ্ঞতা, বাস্তব ঘটনা, রসবোধ এবং নিজের ব্যর্থতার গল্প দিয়ে আলোচনাকে প্রাণবন্ত করেন। বিমূর্ত ধারণাকে কর্মক্ষেত্রের পরিচিত পরিস্থিতির সঙ্গে মিলিয়ে দেখান। আলোচনা ও অভিজ্ঞতা বিনিময়ের মধ্য দিয়ে অংশগ্রহণকারীদের উপলব্ধি গভীর করেন। এভাবেই তথ্য উপলব্ধিতে এবং উপলব্ধি আচরণে পরিণত হয়।

প্রশিক্ষকের সঙ্গে অংশগ্রহণকারীদের আস্থার সম্পর্কও সমান গুরুত্বপূর্ণ। একজন অসাধারণ প্রশিক্ষক শুধু জ্ঞানের কারণে বিশ্বাসযোগ্য হয়ে ওঠেন না; মানুষের সঙ্গে সংযোগ তৈরির মাধ্যমেও আস্থা অর্জন করেন। কাউকে বিব্রত না করে প্রচলিত ধারণাকে প্রশ্নের মুখে ফেলেন এবং এমন পরিবেশ তৈরি করেন, যেখানে সবাই নির্দ্বিধায় নিজেদের প্রশ্ন ও মতামত তুলে ধরতে পারেন।

এআই এসব দক্ষতার কিছু অনুকরণ করতে পারে। কিন্তু একজন অভিজ্ঞ প্রশিক্ষকের আন্তরিকতা, বাস্তব অভিজ্ঞতা এবং আবেগীয় সংযোগ কতটা বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরতে পারবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

বিষয়টি বোঝাতে ১০০ মিটার দৌড়ে যেকোনো মানুষকে হারাতে সক্ষম একটি রোবটের উদাহরণ দেওয়া যায়। প্রযুক্তিগতভাবে এমন রোবট তৈরি করা বিস্ময়কর সাফল্য। কিন্তু অলিম্পিকে সেটি সোনা জিতলে একজন মানুষের সোনা জয়ের মতো আমাদের অনুপ্রাণিত করবে কি? নিশ্চয়ই নয়। কারণ, মানুষের অর্জনের সঙ্গে আমরা তার পরিশ্রম, দৃঢ়তা, সীমাবদ্ধতা ও অভিজ্ঞতার মিল খুঁজে পাই। সেই মানবিক দিক অনুপস্থিত থাকলে অর্জনটির বিশেষ তাৎপর্যও কমে যায়।

প্রশিক্ষণের ক্ষেত্রেও একই বাস্তবতা প্রযোজ্য। প্রতিষ্ঠানগুলো যদি জ্ঞান তৈরির গতি ও দক্ষতা নিয়ে এতটাই মেতে ওঠে যে, মানুষ সেই জ্ঞান কীভাবে গ্রহণ করছে, তা উপেক্ষা করে, তাহলে ঝুঁকি তৈরি হবে। তথ্য সহজলভ্য হওয়া আর প্রকৃত দক্ষতা অর্জন এক বিষয় নয়।

তবে প্রশিক্ষণ ও উন্নয়ন খাতে এআইয়ের অবদান অস্বীকার করার সুযোগ নেই। এটি দক্ষতা অর্জনের সুযোগ আরও বিস্তৃত করবে, কনটেন্ট তৈরির সময় কমাবে, ব্যয় সাশ্রয় করবে এবং বড় পরিসরে ব্যক্তিভিত্তিক প্রশিক্ষণের সুযোগ তৈরি করবে। আগে এমন ব্যাপক পরিসরে প্রশিক্ষণ দেওয়ার কথা কল্পনা করাও কঠিন ছিল। এসব পরিবর্তনকে স্বাগত জানাই। ২০২৭ সালের বাজেটেও তার প্রতিফলন রয়েছে।

তবে ভবিষ্যতের কর্মক্ষেত্রে এআই ও মানব প্রশিক্ষকের মধ্যে প্রতিযোগিতা তৈরি করা উচিত নয়। বরং দুটির সমন্বয়েই কার্যকর প্রশিক্ষণব্যবস্থা গড়ে তুলতে হবে। এআই সরবরাহ করবে জ্ঞান, কাঠামো ও তথ্য। আর মানব প্রশিক্ষক সেই জ্ঞানের ব্যাখ্যা, অনুপ্রেরণা এবং মানুষের সঙ্গে সংযোগ তৈরির দায়িত্ব পালন করবেন।

অভিজ্ঞতা বলে, কার্যকর প্রশিক্ষণের সাফল্য উপস্থাপনার স্লাইড কতটা আকর্ষণীয়, তার ওপর নির্ভর করে না। বরং প্রশিক্ষণকক্ষে অংশগ্রহণকারীরা কী শিখছেন এবং কেমন অভিজ্ঞতা অর্জন করছেন, সেটিই মুখ্য। মানুষের মধ্যে গড়ে ওঠা সূক্ষ্ম আবেগীয় সংযোগ এমন একটি বিষয়, যা কোনো যন্ত্রের পক্ষে বিশ্বাসযোগ্যভাবে প্রতিস্থাপন করা সম্ভব নয়।

সূত্র: খালিজ টাইমস।