ই-পেপার

অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবকে রক্তাক্ত অবস্থায়

রাজধানীর রমনায় অফিসার্স ক্লাবের একটি নির্মাণাধীন ভবনের নিচতলা থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হওয়া সাবেক অতিরিক্ত সচিব মো. মোশাররফ হোসেনের (৭২) মৃত্যু হয়েছে।

আপডেট: ১৭ অক্টোবর ২০২৬, ১০:০৪
৯ ভিউ
অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবকে রক্তাক্ত অবস্থায়

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক

শুক্রবার (১৬ অক্টোবর) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিন মিয়া শুক্রবার রাতে গণমাধ্যমকে জানান, ওই দিন সকাল ১০টার দিকে ছোট মেয়েকে সাঁতার শেখাতে অফিসার্স ক্লাবে যান মোশাররফ হোসেন। মেয়েকে সুইমিংপুলের কাছে রেখে তিনি ক্লাবের একটি নির্মাণাধীন ভবনের ভেতরে প্রবেশ করেন।

বেলা সোয়া ১১টার দিকে ভবনটির নিচতলায় সিঁড়ির পাশ থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে শাহবাগের বারডেম হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকদের পরামর্শে রাত পৌনে ১২টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি জানান, অফিসার্স ক্লাবের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মোশাররফ হোসেন বারবার ভবনটির ওপরে উঠছিলেন এবং নিচে নামছিলেন। ধারণা করা হচ্ছে, তিনি পথ খুঁজে পাচ্ছিলেন না। একপর্যায়ে বেজমেন্ট-১-এর একটি ফাঁকা জায়গা থেকে নিচে পড়ে যান তিনি।

এ ঘটনায় তার মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরিবারের সদস্যরা ময়নাতদন্ত করতে না চাওয়ায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন ওসি।

মোশাররফ হোসেন অফিসার্স ক্লাবের সদস্য ছিলেন। তার স্ত্রী আগেই মারা গেছেন। তার বড় মেয়ে যুক্তরাষ্ট্রে থাকেন। তিনি দেশে ফেরার পর মরদেহ দাফন করা হবে।

সাবেক এই অতিরিক্ত সচিব রাজধানীর বনানীর ৫ নম্বর সড়কের একটি বাড়িতে বসবাস করতেন। তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলার দেওভুনা গ্রামে।