এক ই-মেইল বার্তায় সালমান মুক্তাদিরের নামে থাকা ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়।
ছবি সংগৃহীত: ফাইল ছবি
কন্টেন্ট ক্রিয়েটর সালমান মোহাম্মদ মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য ও লেনদেনের বিবরণ চেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দেশের বিভিন্ন ব্যাংকে পাঠানো এক ই-মেইল বার্তায় সালমান মুক্তাদিরের নামে থাকা ব্যাংক হিসাবের তথ্য, হিসাব খোলার ফরম (এওএফ), গ্রাহকের পরিচিতি-সংক্রান্ত তথ্য (কেওয়াইসি) এবং হিসাব বিবরণী (স্টেটমেন্ট) চাওয়া হয়।
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা
সকাল ১০টা ৩৮ মিনিটে পাঠানো ওই ই-মেইলে সালমান মোহাম্মদ মুক্তাদিরের নাম উল্লেখ করে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে জরুরি ভিত্তিতে তথ্য সরবরাহের নির্দেশ দেওয়া হয়। বার্তাটিকে ‘উচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত’ হিসেবেও উল্লেখ করা হয়েছে।
বিএফআইইউর নির্দেশনায় সালমান মুক্তাদিরের নামে থাকা ব্যাংক হিসাবগুলোর কেওয়াইসি ও হিসাব বিবরণীর সফট কপি দিতে বলা হয়েছে। পাশাপাশি সংযুক্ত এক্সেল ফাইলে তাঁর হিসাবসংক্রান্ত সব তথ্য এবং চিহ্নিত প্রতিটি হিসাবের সুদ আয় ও উৎসে কর (টিডিএস)-সংক্রান্ত তথ্য পূরণ করে পাঠাতে বলা হয়েছে।
ব্যাংকগুলোকে এসব তথ্য এক ঘণ্টার মধ্যে গোএমএল মেসেজ বোর্ডের মাধ্যমে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে বিএফআইইউর একটি পরিপত্রের সংশ্লিষ্ট ধারা উল্লেখ করে তথ্যের গোপনীয়তা বজায় রাখার নির্দেশও দেওয়া হয়েছে।