ই-পেপার

প্রয়োজনে ট্রাম্পের ‘পা ভেঙে’ দেওয়ার হুঁশিয়ারি ইরানের সেনাপ্রধানের

ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির

আপডেট: ১৮ আগস্ট ২০২৬, ০৯:২৩
২৭ ভিউ
প্রয়োজনে ট্রাম্পের ‘পা ভেঙে’ দেওয়ার হুঁশিয়ারি ইরানের সেনাপ্রধানের

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক : ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, অঞ্চলটি রক্ষায় নিয়োজিত ইরানি বাহিনী প্রয়োজনে ট্রাম্পের ‘পা ভেঙে দেবে’।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবির বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যকে ‘বিপজ্জনক রসিকতা’ বলে আখ্যা দিয়েছেন আমির হাতামি।

গত শুক্রবার ট্রাম্প হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ডে পরিণত করার হুমকি দেন। এর জবাবে ইরানের সেনাপ্রধান বলেন, ‘ইরানকে নিয়ে এ ধরনের রসিকতা করা একটি বড় ভুল। কারণ, এটি ইরান। আর এ দেশের এমন সব যোদ্ধা রয়েছেন, যাঁরা আপনার পা ভেঙে দেবেন।’

আমির হাতামি আরও দাবি করেন, মার্কিন বাহিনীকে এই অঞ্চল থেকে ‘কার্যকরভাবে বিতাড়িত’ করা হয়েছে। পারস্য উপসাগর, ওমান সাগর কিংবা হরমুজ প্রণালিতে প্রবেশের কোনো অনুমতি এখন আর তাদের নেই বলেও দাবি করেন তিনি।

ইরানের সেনাপ্রধান বলেন, এই অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে আগের অবস্থায় ফিরতে দেওয়া হবে না। ইরান কখনোই তা হতে দেবে না।

যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হতো। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যৌথ হামলার পর ইরান প্রণালিটি বন্ধ করে দেয়। এরপর থেকে ইরান ও যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি দাবি করে আসছে, হরমুজ প্রণালির ওপর তাদের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে।

জাহাজ চলাচলকারী বিভিন্ন সংস্থার তথ্য অনুযায়ী, বর্তমানে হাতে গোনা কয়েকটি জাহাজ ছাড়া হরমুজ প্রণালি দিয়ে অন্য জাহাজ চলাচল করতে পারছে না।

এদিকে ইরানের বন্দরগুলোর ওপর নৌ অবরোধ বজায় রেখেছে যুক্তরাষ্ট্র। ইরানের অনুমতি ছাড়া কোনো জাহাজ হরমুজ প্রণালি পাড়ি দেওয়ার চেষ্টা করলে ইরানি বাহিনী হামলা চালাচ্ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগে হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ডে পরিণত করার ট্রাম্পের মন্তব্যের জবাবে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি বলেছিলেন, টুইট করে, বিমানবাহী রণতরি পাঠিয়ে, কোনো আদেশ জারি করে কিংবা নির্বাচনী বক্তৃতার মাধ্যমে হরমুজ প্রণালি দখল করা সম্ভব নয়। তিনি মার্কিন প্রেসিডেন্টকে ‘অপরাধী’ ও ‘নির্বোধ’ বলেও মন্তব্য করেছিলেন।