ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর রাশিয়ায় অনুষ্ঠিত
ছবি সংগৃহীত: ফাইল ছবি
অনলাইন ডেস্ক : ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর রাশিয়ায় অনুষ্ঠিত প্রথম পার্লামেন্ট (স্টেট দুমা) নির্বাচনে রেকর্ডসংখ্যক আসনে জয় পেয়েছে দেশটির শাসক দল ‘ইউনাইটেড রাশিয়া’। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমর্থিত এই দলটি পার্লামেন্টের নিম্নকক্ষে তাদের পূর্বের সব রেকর্ড ভেঙে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।
রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, ৪৫০ আসনের স্টেট দুমায় পুতিনের দল প্রায় ৫৮ শতাংশ ভোট পেয়ে ৩৫৫টি আসনে জয়লাভ করেছে। ২০১৬ সালের নির্বাচনে সর্বোচ্চ ৩৪৩টি আসন পেয়েছিল দলটি। এবারের ফল সেই রেকর্ডকেও পেছনে ফেলে সংবিধান সংশোধনের জন্য প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ বা ‘সুপার মেজরিটি’ নিশ্চিত করবে।
নির্বাচন কমিশনের তথ্যমতে, ১৮ থেকে ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত এই নির্বাচনে ভোটদানের হার ছিল ৫৯.৩২ শতাংশ।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, শাসক দল ছাড়াও দেশটির ৫ শতাংশের থ্রেশহোল্ড অতিক্রম করে পার্লামেন্টে প্রবেশ করতে পেরেছে আরও চারটি দল। এর মধ্যে কমিউনিস্ট পার্টি ৪০টি, জাতীয়তাবাদী লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপিআর) ২৫টি, ‘নিউ পিপল’ ২০টি এবং ‘আ জাস্ট রাশিয়া’ ৪টি আসন পেতে পারে। দৈনিক কমার্স্যান্টের প্রতিবেদন অনুযায়ী, নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল প্রায় ৬০ শতাংশ, যা ২০০৩ সালের পর পার্লামেন্ট নির্বাচনে সর্বোচ্চ।
স্বাধীন রাজনৈতিক বিশ্লেষকরা এই নির্বাচনকে আধুনিক রাশিয়ার ইতিহাসের ‘সবচেয়ে কম প্রতিদ্বন্দ্বিতামূলক’ নির্বাচন হিসেবে আখ্যা দিয়েছেন। প্রেসিডেন্ট পুতিন এই নির্বাচনকে তার পরিচালিত ইউক্রেন যুদ্ধের প্রতি জনগণের সমর্থনের একটি পরীক্ষা হিসেবে উপস্থাপন করেছিলেন। এবারের নির্বাচনে অন্তত ৮৬ জন ইউক্রেন ফেরত সেনা সদস্য পার্লামেন্ট সদস্য হতে যাচ্ছেন। যাদের পুতিন রাশিয়ার ‘নতুন অভিজাত শ্রেণী’ হিসেবে অভিহিত করেছেন।
অন্যদিকে, যুদ্ধবিরোধী একমাত্র রাজনৈতিক দল লিবারেল ইয়াবলোকো পার্টি একটি আসনেও জয়ী হতে পারেনি। গত আগস্টেই রাশিয়ার সুপ্রিম কোর্ট দলটিকে পার্টি-লিস্ট ব্যালট থেকে নিষিদ্ধ করে। একক আসনের প্রার্থীদের ওপরও প্রশাসনের ব্যাপক চাপ ও বাধা দেওয়ার অভিযোগ উঠে। এছাড়া একই সঙ্গে অনুষ্ঠিত আঞ্চলিক গভর্নর নির্বাচনে চেচেন নেতা রমজান কাদিরভ ৯৯.৮৫ শতাংশ রেকর্ড ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশন জানিয়েছে, শুক্রবারের মধ্যে চূড়ান্ত আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হতে পারে।