ই-পেপার

সীমান্তের এপারে অস্থিতিশীলতা বরদাশত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের অভ্যন্তরে কোনো পক্ষকে অপতৎপরতা চালাতে দেওয়া

আপডেট: ২৮ নভেম্বর ২০২৬, ২২:০৪
১৪ ভিউ
সীমান্তের এপারে অস্থিতিশীলতা বরদাশত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক : বাংলাদেশের অভ্যন্তরে কোনো পক্ষকে অপতৎপরতা চালাতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সীমান্তের ওপারে কী ঘটছে, তা তাঁর জানা নেই উল্লেখ করে তিনি বলেছেন, দেশের ভেতরে অস্থিরতা তৈরির যেকোনো চেষ্টা প্রতিহত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে।

শনিবার দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সাম্প্রতিক সহিংসতায় আহত সদস্যদের দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। গোপালগঞ্জ, গাজীপুরসহ বিভিন্ন স্থানে সহিংসতায় আহত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের খোঁজখবর নিতে সেখানে যান স্বরাষ্ট্রমন্ত্রী।

সীমান্তের ওপার থেকে জ্বালাও-পোড়াওয়ের ঘোষণার বিষয়ে তিনি বলেন, দেশের কয়েকটি স্থানে ইউনিয়ন পর্যায়ে মশাল মিছিলের খবর শুনেছেন ও দেখেছেন। তবে এসব ঘটনা খুবই বিচ্ছিন্ন।

বাংলাদেশ দখল নিয়ে ভারতের কয়েকজনের বক্তব্যের বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় দেখবে। কারও অপ্রাসঙ্গিক, অপাঙ্‌ক্তেয় ও অরাজনৈতিক কথাবার্তার জবাব তিনি দিতে চান না।

সাম্প্রতিক সহিংসতায় পুলিশ, র‍্যাব, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বিজিবি ও আনসার ব্যাটালিয়নের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন বলে জানান তিনি। আহতদের কারও মাথায় আঘাত লেগেছে, কারও হাড় ভেঙেছে। অনেকে চিকিৎসা নিয়েছেন। তবে কয়েকজনকে দীর্ঘদিন চিকিৎসা নিতে হবে এবং বিশেষায়িত সেবার প্রয়োজন হবে। এসব সদস্যের সাহসিকতার প্রশংসা করে তাঁদের পুলিশ পদকসহ বিভিন্নভাবে পুরস্কৃত করার কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, চাকরিতে যোগ দেওয়ার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জনগণের জানমালের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার শপথ নেন। তাঁর দাবি, বাহিনী এখন শৃঙ্খলায় ফিরেছে এবং জনগণের আস্থা অর্জন করেছে। সাম্প্রতিক পরিস্থিতিতে তারা অত্যন্ত ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করেছে।

শ্রমিক অসন্তোষের সময় বাহিনীর সদস্যরা আহত হলেও কোনো শ্রমিকের গায়ে হাত দেননি বলে দাবি করেন তিনি। তাঁর ভাষ্য, ওই সময়ে কোনো শ্রমিক আহত হননি এবং প্রাণহানির ঘটনাও ঘটেনি। এ কারণে বিষয়টি দেশে ও বিদেশে প্রশংসা পেয়েছে।

আবারও অস্থিরতা তৈরির আশঙ্কা আছে কি না, এমন প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ধরনের পরিস্থিতি মোকাবিলা করাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব। অস্থিরতা সৃষ্টির আশঙ্কা সব সময় মাথায় রেখেই পুলিশ, অন্যান্য বাহিনী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করে।

জ্বালাও-পোড়াও এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, শ্রমিকেরা মজুরি বোর্ডের ঘোষিত ন্যূনতম মজুরিতে সন্তুষ্ট এবং সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে শৃঙ্খলা বজায় রেখেছেন। তবে শ্রমিক পরিচয় ব্যবহার করে কিছু ব্যক্তি তাঁদের মধ্যে অসন্তোষ ছড়ানোর অপচেষ্টা করছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর মতে, এসব চেষ্টা সফল হবে না।

কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পরিদর্শনের সময় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির উপস্থিত ছিলেন।