হয়রানির প্রতিবাদে বৃহস্পতিবার-শুক্রবার সারা দেশে এলপিজি দোকান বন্ধের ঘোষণা
ছবি সংগৃহীত: ফাইল ছবি
তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদে আগামী বৃহস্পতিবার ও শুক্রবার (১৫ ও ১৬ অক্টোবর) সারা দেশে এলপিজি বিক্রির সব দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। দাবি আদায় না হলে দুই দিনের কর্মসূচি শেষে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছে সংগঠনটি।
সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সমিতির সভাপতি মো. সেলিম খান। তিনি বলেন, সমিতির সিদ্ধান্ত অনুযায়ী, টানা দুই দিন সারা দেশে এলপিজি বিক্রির দোকান বন্ধ থাকবে।
সমিতির দাবিগুলোর মধ্যে রয়েছে পরিবেশকদের কমিশন বৃদ্ধি, কোম্পানিগুলোর ইচ্ছেমতো মাসে একাধিকবার দাম বাড়ানো বন্ধ এবং দাম বাড়ানোর ক্ষেত্রে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) অনুমোদন নিশ্চিত করা। এ ছাড়া দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কোম্পানিগুলোর সিলিন্ডারে গ্যাস ভরার ব্যবস্থা চালু এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অযৌক্তিক জরিমানা আরোপ বন্ধের দাবিও জানিয়েছে সংগঠনটি।
এর আগে, গত ৪ অক্টোবর দেশের বাজারে এলপিজির দাম বাড়ায় বিইআরসি। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়। তবে অভিযোগ রয়েছে, বাজারে একই সিলিন্ডার কিনতে নির্ধারিত দামের চেয়ে ৫০০ থেকে ৬০০ টাকা বেশি দিতে হচ্ছে ক্রেতাদের।
এলপিজি পরিবেশকদের দাবি, কমিশন না বাড়ালে নির্ধারিত দামে সিলিন্ডার বিক্রি করা তাদের পক্ষে সম্ভব নয়। এ কারণে প্রতি সিলিন্ডারে পরিবেশকদের কমিশন ৫০ টাকা থেকে বাড়িয়ে ১৫০ টাকা করার দাবি জানিয়ে গত ৮ অক্টোবর বিইআরসিতে চিঠি দিয়েছে তারা।