ই-পেপার

তেহরানের সঙ্গে সরাসরি যোগাযোগের দাবি ট্রাম্পের

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রায় সাত মাসের যুদ্ধ শেষের

আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩
১৯ ভিউ
তেহরানের সঙ্গে সরাসরি যোগাযোগের দাবি ট্রাম্পের

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক : ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রায় সাত মাসের যুদ্ধ শেষের দিকে এগোচ্ছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি দাবি করেছেন, সম্ভাব্য একটি চুক্তির বিষয়ে তেহরানের সঙ্গে ওয়াশিংটনের সরাসরি যোগাযোগ রয়েছে।

বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আশা করা যায় যুক্তরাষ্ট্র যুদ্ধের শেষের দিকে রয়েছে। ইরানের পক্ষ থেকে সম্প্রতি কোনো বার্তা পেয়েছেন কি না-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ইরানি কর্মকর্তাদের সঙ্গে তিনি ‘সরাসরি’ কথা বলেছেন।বৃহস্পতিবার কাতারভিত্তিক বার্তাসংস্থা আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

ট্রাম্প আবারও দাবি করেন, ইরান একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী। তার এই বক্তব্যে দীর্ঘদিন ধরে চলা সংঘাতের কূটনৈতিক সমাধানের সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। তবে এখনো কোনো চূড়ান্ত চুক্তি বা যুদ্ধবিরতির ঘোষণা আসেনি।

ট্রাম্পের ‘সরাসরি যোগাযোগের’ দাবি অবশ্য ইরানের প্রকাশ্য অবস্থানের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়। এর আগে ইরানি কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার বিভিন্ন দাবি নাকচ করেছেন। একই সঙ্গে তারা বলে আসছেন, যেকোনো কূটনৈতিক প্রক্রিয়ায় ইরানের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ সুরক্ষিত থাকতে হবে।

এদিকে বুধবার বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠক করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠকে ওয়াং ই ওয়াশিংটন ও তেহরানকে সংযম দেখানোর আহ্বান জানান। একই সঙ্গে জুনে হওয়া অন্তর্বর্তী শান্তি চুক্তি পুনরুজ্জীবিত করে গঠনমূলক আলোচনায় ফেরার আহ্বান জানান তিনি।

আরাগচি বলেন, ইরান আত্মরক্ষার জন্য প্রস্তুত রয়েছে। তবে ইরানের অধিকার সুরক্ষিত থাকে এমন কূটনৈতিক উদ্যোগের পথও তেহরান খোলা রেখেছে।