Home আন্তর্জাতিক পুতিনের সঙ্গে আলোচনায় আগ্রহী জো বাইডেন

পুতিনের সঙ্গে আলোচনায় আগ্রহী জো বাইডেন

অনলাইন ডেস্ক : ইউক্রেনে আগ্রাসন থামাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় আগ্রহী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তার মতে অনৈতিক এই যুদ্ধ বন্ধের একমাত্র পথ ইউক্রেন থেকে রুশ সেনা প্রত্যাহার।
ওয়াশিংটন সফরে যাওয়া ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ইউক্রেন পরিস্থিতি নিয়ে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। এসময় কিয়েভের প্রতি সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতিও দেন। তিনি বলেন, যুদ্ধাপরাধের অভিযোগে রাশিয়াকে জবাবদিহির মুখোমুখি করতে কাজ করবে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স।

বাইডেন বলেন, যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে বৈঠকের ইচ্ছা থাকলেও বিস্তারিত চিন্তাভাবনা করিনি। এসময় ম্যাক্রোঁ জানান, বাইডেনের বৈঠকে বসার ইচ্ছা পূরণে পুতিনের সঙ্গে যোগাযোগ করবেন তিনি। এবছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসন শুরু হলে মস্কো গিয়ে পুতিনের সঙ্গে মধ্যস্থতার চেষ্টা চালান ম্যাক্রোঁ।

এদিকে, মস্কোয় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের সঙ্গে শর্তযুক্ত আলোচনার প্রস্তাব দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি বলেন, গত ডিসেম্বরে মস্কোর দেওয়া নিরাপত্তা প্রস্তাব মেনে পশ্চিমারা মানসিকতার পরিবর্তন করে এগিয়ে এলে আলোচনা হবে। সূত্র: বিভি/এমআর

Exit mobile version