ই-পেপার

বিচারিক ক্ষমতা কমাতে ট্রাম্পের নতুন উদ্যোগ

মার্কিন সরকারের নীতিমালা দেশজুড়ে বাতিল করার ক্ষেত্রে বিচারকদের ক্ষমতা

আপডেট: ১৫ নভেম্বর ২০২৬, ১১:২০
২৪ ভিউ
বিচারিক ক্ষমতা কমাতে ট্রাম্পের নতুন উদ্যোগ

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক : মার্কিন সরকারের নীতিমালা দেশজুড়ে বাতিল করার ক্ষেত্রে বিচারকদের ক্ষমতা আরও সীমিত করতে সুপ্রিম কোর্টের শরণাপন্ন হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। আদালতের রায় নিজেদের পক্ষে এলে সরকারি সংস্থাগুলোর বিতর্কিত সিদ্ধান্ত বাস্তবায়নে নির্বাহী বিভাগের বাধা অনেকটাই কমে যাবে।

গত বছর দেশব্যাপী কার্যকর নিষেধাজ্ঞা জারির ক্ষেত্রে বিচারকদের ক্ষমতা সীমিত করতে সফল হয়েছিল ট্রাম্প প্রশাসন। এবার প্রশাসনিক কার্যক্রমসংক্রান্ত আইন (এপিএ বা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিডিউর অ্যাক্ট) অনুযায়ী আদালতের আরেকটি ক্ষমতা খর্ব করতে চায় তারা।

প্রশাসনের বক্তব্য, কোনো সরকারি সংস্থার তৈরি বিধিমালা আদালত পুরোপুরি বাতিল করতে পারবে না। বরং কোনো মামলায় আদালত যে প্রতিকার দেবেন, তা কেবল ওই মামলার বাদীদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।

ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক আইন বিশেষজ্ঞ আদিত্য বামজাই মনে করেন, এই মামলায় সরকার জয়ী হলে বিতর্কিত বিধিমালা মামলার বাদীদের বাইরেও অন্যদের ওপর কার্যকর রাখতে পারবে। আদালত কোনো নিয়মকে বেআইনি ঘোষণা করলেও আইনি লড়াই চলার সময় সেটি বছরের পর বছর বহাল থাকতে পারে।

বামজাইয়ের ভাষ্য, এমন সিদ্ধান্ত নির্বাহী বিভাগকে আরও স্বাধীনতা দেবে। তবে এই স্বাধীনতাকে ইতিবাচক নাকি নেতিবাচক হিসেবে দেখা হবে, তা নির্ভর করবে সংশ্লিষ্ট প্রশাসনের নীতির প্রতি ব্যক্তির সমর্থন বা বিরোধিতার ওপর।

২০২৫ সালের জানুয়ারিতে হোয়াইট হাউসে ফিরে অভিবাসন নীতি কঠোর করা, গণ-বহিষ্কার এবং ট্রান্সজেন্ডার অধিকারসংক্রান্ত বিষয়ে একের পর এক সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। এসব পদক্ষেপের বিরুদ্ধে অসংখ্য মামলা হয়েছে। বিভিন্ন আদালতের বিচারকরা তাঁর প্রশাসনের সিদ্ধান্ত আটকে দেওয়ায় নির্বাহী বিভাগ ও বিচার বিভাগের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।

এই দ্বন্দ্বের ধারাবাহিকতায় গত বছরের জুনে ট্রাম্প প্রশাসনের আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট দেশজুড়ে কার্যকর ‘ইউনিভার্সাল ইনজাংশন’ বা সর্বজনীন নিষেধাজ্ঞা জারির ক্ষমতা সীমিত করে। তবে আইনের অন্য একটি ধারার কারণে ফেডারেল সংস্থার অবৈধ বিধিমালা সারাদেশে বাতিল করার ক্ষমতা তখনো বিচারকদের হাতে ছিল। এবার সেই ক্ষমতাও কেড়ে নেওয়ার আবেদন জানিয়েছে ট্রাম্পের বিচার বিভাগ। আগামী বছরের শুরুতে সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নেবে, মামলাটি শুনানির জন্য গ্রহণ করা হবে কি না।

টেক্সাসের কয়েকজন চিকিৎসক ও স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানের করা একটি মামলাকে কেন্দ্র করে নতুন এই আপিলের সূত্রপাত। ট্রাম্পের প্রথম মেয়াদে প্রণীত একটি আইনের অধীনে তৈরি স্বাস্থ্য খাতের কয়েকটি বিধিমালা চ্যালেঞ্জ করেছিলেন তাঁরা। এর পর গত আগস্টে একটি আপিল আদালত ওই বিধিমালার কিছু অংশ দেশজুড়ে বাতিল ঘোষণা করেন।

তবে বিধিমালার বৈধতা নিয়ে নতুন করে বিতর্কে না গিয়ে ট্রাম্প প্রশাসন সরাসরি এপিএর আওতায় আদালতের ক্ষমতাকে চ্যালেঞ্জ করেছে। এর লক্ষ্য, দেশের যেকোনো অঞ্চলে সরকারের নীতি বাস্তবায়নের ক্ষেত্রে আদালতের বাধা সীমিত করা।

আইন বিশেষজ্ঞদের আশঙ্কা, ট্রাম্প এই লড়াইয়ে জয়ী হলে আদালত কোনো সরকারি নিয়মকে অবৈধ ঘোষণা করার পরও মামলা চলাকালে মাসের পর মাস, এমনকি বছরের পর বছর সেটি সাধারণ মানুষের ওপর কার্যকর রাখা সম্ভব হবে।

অন্যদিকে, টেক্সাস ও ফ্লোরিডাসহ বিভিন্ন অঙ্গরাজ্য সরকার এবং আইন বিশেষজ্ঞদের মতে, কেন্দ্রীয় সরকারের ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতা ঠেকাতে বিচারকদের হাতে এই ক্ষমতা থাকা জরুরি। সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের পক্ষে সিদ্ধান্ত দিলে সাধারণ মানুষ ও অঙ্গরাজ্যগুলোর জন্য সরকারের অবৈধ বিধিমালা স্থায়ীভাবে বাতিল করানো আরও কঠিন হয়ে পড়বে।

সূত্র: আরব নিউজ, রয়টার্স।