ই-পেপার

ভিসা জটিলতায় মিস ইউনিভার্সে আফ্রিকার প্রতিনিধিরা

যুক্তরাষ্ট্রের ভিসা বিধিনিষেধের কারণে ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায়

আপডেট: ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৩৫
১৪ ভিউ
ভিসা জটিলতায় মিস ইউনিভার্সে আফ্রিকার প্রতিনিধিরা

ছবি সংগৃহীত: ফাইল ছবি

বিনোদন ডেস্ক : যুক্তরাষ্ট্রের ভিসা বিধিনিষেধের কারণে ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে আফ্রিকার অন্তত পাঁচটি দেশের প্রতিনিধির। জিম্বাবুয়ের প্রতিনিধি রোজানা হল এখনো ভিসা পাননি। একই পরিস্থিতিতে প্রতিযোগিতা থেকে নিজেদের প্রতিনিধি প্রত্যাহার করে নিয়েছে জাম্বিয়া। জিম্বাবুয়ে ও দক্ষিণ সুদানসহ কয়েকটি দেশের সুন্দরীরা শেষ পর্যন্ত প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন কি না, তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২৪ নভেম্বর যুক্তরাষ্ট্রের অধীনস্থ অঞ্চল পুয়ের্তোরিকোর রাজধানী সান হুয়ানের হোসে মিগেল আগরেলট কোলিসিয়ামে অনুষ্ঠিত হবে মিস ইউনিভার্সের ৭৫তম আসরের চূড়ান্ত পর্ব। গত ৮ নভেম্বর থেকে প্রতিযোগীরা নিবন্ধন ও প্রস্তুতিমূলক কার্যক্রমে অংশ নিতে পুয়ের্তোরিকো পৌঁছাতে শুরু করেছেন। তবে ভিসা না পাওয়ায় আফ্রিকার কয়েকটি দেশের প্রতিনিধিরা এখনো সেখানে যেতে পারেননি।

ইনস্টাগ্রামে প্রকাশিত ভিডিও বার্তায় জিম্বাবুয়ের প্রতিনিধি রোজানা হল জানিয়েছেন, ভিসা অনুমোদনের জন্য তারা একাধিকবার চেষ্টা করছেন। গত কয়েক সপ্তাহ ধরে দক্ষিণ আফ্রিকায় অবস্থান করেই তিনি ভিসা পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

রোজানা বলেন, এই সমস্যায় শুধু তিনি নন, তাঁর অনেক আফ্রিকান সহকর্মীও পড়েছেন। তাঁর ভিডিওতে মন্তব্য করে দক্ষিণ সুদানের প্রতিনিধি জানান, ভিসা জটিলতার কারণে প্রতিযোগিতায় অংশগ্রহণের বিষয়টি এখন ফিফটি-ফিফটি বা অর্ধেক অনিশ্চিত।

এদিকে যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে জাম্বিয়ার প্রতিনিধি পামেলা মুবাঙ্গাকে প্রতিযোগিতা থেকে প্রত্যাহার করা হয়েছে। ২৫ বছর বয়সী নিবন্ধিত নার্স মুবাঙ্গা গত ৮ অক্টোবর মিস ইউনিভার্স জাম্বিয়া নির্বাচিত হয়েছিলেন।

মিস ইউনিভার্স জাম্বিয়ার আয়োজকেরা এক বিবৃতিতে জানিয়েছেন, ব্যক্তিগত সমস্যা, প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতি কিংবা সাংগঠনিক জটিলতা মুবাঙ্গার অংশগ্রহণে বাধা হয়ে দাঁড়ায়নি। মূল কারণ যুক্তরাষ্ট্রের প্রেসিডেনশিয়াল ভ্রমণ নিষেধাজ্ঞা। বিবৃতিতে আরও বলা হয়েছে, আফ্রিকার অন্তত পাঁচটি দেশ একই ধরনের বাধার মুখে পড়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেনশিয়াল প্রোক্লেমেশন ১০৯৯৮-এর আওতায় আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞার কবলে থাকা ১৯টি দেশের একটি জিম্বাবুয়ে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে কার্যকর হওয়া এই বিধিনিষেধে সংশ্লিষ্ট দেশগুলোর নাগরিকদের পর্যটন, শিক্ষার্থী ও বিনিময় কর্মসূচির ভিসাসহ অভিবাসী এবং অন্যান্য অনভিবাসী ভিসা দেওয়ার ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এ আইনি জটিলতার কারণে বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় আফ্রিকার দেশগুলোর প্রতিনিধিত্ব নিয়েই অনিশ্চয়তা দেখা দিয়েছে।