ই-পেপার

‘এলডিসি উত্তরণের পরও যুক্তরাজ্যে শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ’

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের

আপডেট: ০৪ অক্টোবর ২০২৬, ২১:১১
৮ ভিউ
‘এলডিসি উত্তরণের পরও যুক্তরাজ্যে শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ’

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক : স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরও যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের অধিকাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা বহাল থাকবে। এ সুবিধার আওতায় তৈরি পোশাকসহ বাংলাদেশের ৯২ শতাংশ পণ্য যুক্তরাজ্যের বাজারে প্রবেশের সুযোগ পাবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। রবিবার (৪ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত বে অব বেঙ্গল কনভারসেশন-২০২৬-এর দ্বিতীয় দিনে বক্তব্য দেওয়ার সময় তিনি এ তথ্য জানান।

সারাহ কুক বলেন, বর্তমানে বাংলাদেশের ৯৯ দশমিক ৮ শতাংশ পণ্য যুক্তরাজ্যের বাজারে শুল্কমুক্ত সুবিধা পাচ্ছে। এলডিসি থেকে উত্তরণের পরও পরবর্তী তিন বছর এ সুবিধা অব্যাহত থাকবে। এরপরও ৯২ শতাংশ পণ্যের ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধা বহাল থাকবে।

বাংলাদেশকে যুক্তরাজ্যের কৌশলগত ও বিশ্বস্ত অংশীদার হিসেবে উল্লেখ করে তিনি বলেন, দুই দেশের সম্পর্ক এখন আরও আধুনিক ও কৌশলগত অংশীদারিত্বে উন্নীত হয়েছে। অর্থনীতি, শিক্ষা, ফ্যাশন ও জ্বালানিসহ বিভিন্ন খাতে ব্রিটিশ কোম্পানিগুলো বাংলাদেশের অর্থনৈতিক রূপান্তরে অবদান রাখছে এবং কর্মসংস্থান সৃষ্টি করছে।

তিনি বলেন, বাংলাদেশের এলডিসি উত্তরণ প্রক্রিয়া মসৃণ ও টেকসই করতে যুক্তরাজ্য সহযোগিতা করছে। পাশাপাশি নিরাপত্তা, সাইবার নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন ও অর্থনৈতিক নিরাপত্তার মতো বিষয়েও দুই দেশের অভিন্ন স্বার্থ রয়েছে।

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পক্ষে যুক্তরাজ্যের অবস্থান পুনর্ব্যক্ত করেন সারাহ কুক। সম্মেলনটির আয়োজন করেছে সিজিএস।