ই-পেপার

হৃদয়ের রানের রেকর্ডে বাংলাদেশের লিড

ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি ওয়েস্ট ইন্ডিজের হাতে চলে গেছে বলেই মনে হচ্ছিল। ১৮৪ রানে ৮ উইকেট হারানোর পর বাংলাদেশের পক্ষে ৩৫৬ রানের লক্ষ্য ছোঁয়াও কঠিন ছিল।

আপডেট: ০৭ নভেম্বর ২০২৬, ১৭:৪৩
১৯ ভিউ
হৃদয়ের  রানের রেকর্ডে বাংলাদেশের লিড

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক:

তবে তাওহীদ হৃদয়ের অবিশ্বাস্য ব্যাটিংয়ে বদলে যায় ম্যাচের চিত্র। রেকর্ড গড়া দ্বিশতকে ভর করে প্রথম ইনিংসে লিড নিয়েছে বাংলাদেশ।

সাদমান ইসলামকে ছাড়াই ব্যাট করতে নামা বাংলাদেশ শেষ পর্যন্ত ৯ উইকেটে ৩৮৬ রান সংগ্রহ করেছে। এতে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের ৩৫৬ রানের বিপরীতে ৩০ রানের লিড পেয়েছে টাইগাররা। ২৪২ রানে অপরাজিত থেকে ইতিহাস গড়েছেন হৃদয়।

এই ইনিংসের মধ্য দিয়ে বাংলাদেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত রানের মালিক হয়েছেন তিনি। এর আগে রেকর্ডটি ছিল মুশফিকুর রহিমের দখলে। ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে তাঁর করা ২১৯ রানের ইনিংসকে ছাড়িয়ে যান হৃদয়। জোমেল ওয়ারিক্যানকে চার মেরে নতুন রেকর্ড গড়েন তিনি।

শুধু ব্যক্তিগত সর্বোচ্চ রানই নয়, এক ইনিংসে সর্বাধিক ছক্কা হাঁকানোর রেকর্ডও নিজের করে নিয়েছেন হৃদয়। তাঁর ব্যাট থেকে এসেছে ১১টি ছক্কা। এর আগে ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে এক ইনিংসে ৭টি ছক্কা মেরে রেকর্ডটি গড়েছিলেন তামিম ইকবাল।

এক দিনে সর্বোচ্চ রান সংগ্রহের রেকর্ডেও নতুন নাম হৃদয়। আগের দিন ২৯ রানে অপরাজিত থাকা এই ব্যাটার আজ যোগ করেছেন আরও ২১৩ রান। এর আগে ২০১৭ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে সাকিব আল হাসানের করা ২১২ রান ছিল এক দিনে কোনো বাংলাদেশি ব্যাটারের সর্বোচ্চ সংগ্রহ।

এ ছাড়া বাংলাদেশের হয়ে প্রথমবারের মতো কোনো ব্যাটার নিজের প্রথম টেস্ট সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিতে রূপান্তর করার কৃতিত্বও অর্জন করেছেন হৃদয়।

রেকর্ডময় এই ইনিংসে তাঁকে দারুণ সহায়তা দিয়েছেন তাইজুল ইসলাম ও তাসকিন আহমেদ। তাইজুলের ২২ এবং তাসকিনের ১২ রানের গুরুত্বপূর্ণ অবদান বাংলাদেশের স্কোরকে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে এগিয়ে নিতে সহায়তা করেছে।