চলতি বছর সম্পন্ন হওয়া নিয়োগ, অনুমোদিত প্রশিক্ষণ চুক্তি এবং নতুন শূন্যপদ মিলিয়ে মোট সুযোগের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৬১০টি।
ছবি সংগৃহীত: ফাইল ছবি
অনলাইন ডেস্ক:
সৌদি আরবের স্বাস্থ্য খাতে নতুন করে ৪ হাজার ২৯১টি শূন্যপদে নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে। দেশটির ২০টি স্বাস্থ্য অঞ্চলে চিকিৎসা ও স্বাস্থ্যসেবাসংশ্লিষ্ট বিভিন্ন পদে এসব কর্মী নিয়োগ দেওয়া হবে। চলতি বছর সম্পন্ন হওয়া নিয়োগ, অনুমোদিত প্রশিক্ষণ চুক্তি এবং নতুন শূন্যপদ মিলিয়ে মোট সুযোগের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৬১০টি।
সোমবার (১৯ অক্টোবর) সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন হেলথ হোল্ডিং কোম্পানি এ নিয়োগের তথ্য জানায়। দেশটির স্বাস্থ্য খাতে জনবলের চাহিদা পূরণ, যোগ্য পেশাজীবীদের আকৃষ্ট করা এবং স্বাস্থ্যসেবার মান উন্নত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
কোম্পানির তথ্য অনুযায়ী, চলতি বছর ইতোমধ্যে ১২ হাজার ৯১৪ জন সৌদি নাগরিককে নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি কর্মসংস্থানের লক্ষ্যে আরও ২ হাজার ৪০৫টি প্রশিক্ষণ চুক্তি অনুমোদন করা হয়েছে।
নতুন ঘোষিত ৪ হাজার ২৯১টি শূন্যপদ যুক্ত হওয়ায় মোট নিয়োগ ও প্রশিক্ষণসংশ্লিষ্ট সুযোগের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৬১০টিতে। তবে এই সংখ্যার মধ্যে ইতোমধ্যে সম্পন্ন হওয়া নিয়োগ, অনুমোদিত প্রশিক্ষণ চুক্তি এবং বর্তমানে আবেদন করা যাচ্ছে এমন শূন্যপদ অন্তর্ভুক্ত রয়েছে।
প্রার্থীরা সংশ্লিষ্ট স্বাস্থ্য অঞ্চলের নিয়োগ পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করার আগে পদ, যোগ্যতা ও সংশ্লিষ্ট বিশেষত্ব সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়ার সুযোগ রয়েছে।
প্রতিটি স্বাস্থ্য অঞ্চলে শূন্যপদ প্রকাশের তারিখ থেকে ১৫ দিনের মধ্যে আবেদন করতে হবে। দেশটির ২০টি স্বাস্থ্য অঞ্চলের মাধ্যমে কার্যক্রম পরিচালিত হওয়ায় প্রার্থীরা নিজ নিজ পছন্দের অঞ্চলে চাকরির সুযোগ খুঁজতে পারবেন।
বাংলাদেশিরা আবেদন করতে পারবেন?
সৌদি আরবের স্বাস্থ্য খাতের এই নিয়োগে বাংলাদেশিসহ বিদেশি নাগরিকদের আবেদনের সুযোগ রয়েছে কি না, তা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। তবে ঘোষিত ৪ হাজার ২৯১টি পদ বিদেশি নাগরিকদের জন্য উন্মুক্ত—এমন কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
নিয়োগের মূল লক্ষ্য সৌদি নাগরিকদের কর্মসংস্থান বাড়ানো। অন্যদিকে, দেশটিতে বিদেশি চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের কাজের সুযোগ রয়েছে। তবে এসব ক্ষেত্রে সংশ্লিষ্ট পদের যোগ্যতা, পেশাগত নিবন্ধন এবং কর্মানুমতির শর্ত পূরণ করতে হয়।
তাই বাংলাদেশি প্রার্থীদের এই নির্দিষ্ট নিয়োগে আবেদন করার আগে সংশ্লিষ্ট স্বাস্থ্য অঞ্চলের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি ও যোগ্যতার শর্ত যাচাই করা প্রয়োজন। বিজ্ঞপ্তিতে বিদেশি নাগরিকদের আবেদনের সুযোগ উল্লেখ থাকলেই কেবল সে অনুযায়ী আবেদন করা যাবে।