ইয়েমেনের হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা থেকে সৌদি আরবকে রক্ষায় সামরিক সহায়তা বাড়াচ্ছে যুক্তরাজ্য।
ছবি সংগৃহীত: ফাইল ছবি
অনলাইন ডেস্ক:
এর অংশ হিসেবে সৌদি আরবের আকাশসীমায় প্রতিরক্ষামূলক টহল দেবে ব্রিটিশ যুদ্ধবিমান। তবে ইয়েমেনে হুতিদের স্থলভিত্তিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হবে না বলে জানিয়েছে দেশটি।
মঙ্গলবার (২০ অক্টোবর) যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং এ ঘোষণা দেন। তিনি জানান, দেশটির রাজকীয় বিমানবাহিনীর টাইফুন যুদ্ধবিমান সৌদি আরবের আকাশে প্রতিরক্ষামূলক অভিযান পরিচালনা করবে। এর লক্ষ্য সৌদি শহর, বেসামরিক নাগরিক ও গুরুত্বপূর্ণ অবকাঠামোকে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা থেকে সুরক্ষা দেওয়া।
ব্রিটিশ যুদ্ধবিমান আকাশপথে আসা ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করবে। তবে ইয়েমেনে হুতিদের কোনো স্থলভিত্তিক লক্ষ্যবস্তুতে হামলা চালাবে না বলে স্পষ্ট করেছেন ওয়েস স্ট্রিটিং।
তিনি আরও জানান, সৌদি আরবে একটি সামরিক পরিবহন বিমান এবং অনির্দিষ্টসংখ্যক সামরিক উপদেষ্টা পাঠাবে যুক্তরাজ্য। এর আগে গত মাসে হুতিদের বিরুদ্ধে অভিযানে অংশ নেওয়া সৌদি যুদ্ধবিমানকে আকাশে জ্বালানি সরবরাহের প্রস্তাব দিয়েছিল দেশটি। সেই সহায়তার মেয়াদ আরও ৯০ দিন বাড়ানো হয়েছে বলেও জানান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী।
ইয়েমেনের সরকার ও হুতিদের মধ্যে সংঘাত নতুন করে তীব্র হয়েছে। ইরানের সমর্থনপুষ্ট হুতিরা সৌদি আরবকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। চলতি মাসের শুরুর দিকে সৌদি আরবের রাজধানী রিয়াদের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরেও একাধিকবার হামলা হয়।
এসব হামলার নিন্দা জানিয়ে ওয়েস স্ট্রিটিং বলেন, হুতিদের এমন কর্মকাণ্ড নিন্দনীয়। বিমানবন্দরকে লক্ষ্যবস্তু করার ঘটনা থেকে বোঝা যায়, আঞ্চলিক পরিস্থিতি আরও উত্তপ্ত করতে তারা কত দূর যেতে প্রস্তুত।
তবে সংঘাতের বিষয়ে সতর্ক করে যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জোর দিয়ে বলেন, এই সংকটের কোনো সামরিক সমাধান নেই।