হরমুজ প্রণালি পুনরায় খোলার বিষয়ে একটি চুক্তি করতে
ছবি সংগৃহীত: ফাইল ছবি
অনলাইন ডেস্ক : হরমুজ প্রণালি পুনরায় খোলার বিষয়ে একটি চুক্তি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। এটি মঙ্গলবার বা বুধবারের মধ্যে হতে পারে। মার্কিন গণমাধ্যম সিএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন দেশটির ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট।
স্কট বেসেন্টের আশা, চুক্তিটি হলে জ্বালানির দাম স্থিতিশীল হবে। তিনি বলেন, ‘আমরা ইরানিদের সঙ্গে আলোচনা করছি। আমার মনে হয় আজ বা আগামীকালের মধ্যে প্রণালি খোলা এবং পরিস্থিতি স্বাভাবিক অবস্থানে যাওয়ার একটি চুক্তি হতে পারে।’
প্রণালি ব্যবহারের জন্য ইরান জাহাজ থেকে টোল আদায় করবে কি না- জানতে চাইলে বেসেন্ট বলেন, ‘আমার মনে হয় চলাচলের স্বাধীনতা থাকবে।’
বেসেন্টের এই মন্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথার প্রতিধ্বনি আছে। সোমবার ট্রাম্প বলেছিলেন, আগামী কয়েক ঘণ্টার মধ্যে এই জলপথ আবার খুলে যেতে পারে। তবে এদিন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছিল, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের কোনো আলোচনা চলছে না।
সিএনবিসিকে মার্কিন ট্রেজারি সেক্রেটারি বলেন, সেখানে (প্রণালি) শত শত জাহাজ বের হওয়ার জন্য অপেক্ষা করছে। গত কয়েকদিন পরিস্থিতি কিছুটা ঝুঁকিপূর্ণ থাকলেও, বেশ কিছু জাহাজ বের হতে দেখা গেছে। তাই আশা করা হচ্ছে, জ্বালানির দাম আবার কমে যাবে। এটি পুরো বিশ্বের জন্য ভালো হবে।