ই-পেপার

জাতীয় পতাকার আদলে পোশাক পরে বিতর্কে উর্বশী

বিতর্ক যেন পিছু ছাড়ছে না বলিউড অভিনেত্রী ও সাবেক

আপডেট: ২৫ আগস্ট ২০২৬, ২১:০৮
৭ ভিউ
জাতীয় পতাকার আদলে পোশাক পরে বিতর্কে উর্বশী

ছবি সংগৃহীত: ফাইল ছবি

বিনোদন ডেস্ক : বিতর্ক যেন পিছু ছাড়ছে না বলিউড অভিনেত্রী ও সাবেক সৌন্দর্য প্রতিযোগিতার বিজয়ী উর্বশী রাউতেলার। এবার মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬-এর ফাইনালে তার পোশাক ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। প্রতিযোগিতার শেষ পর্বে বিচারকের আসনে ছিলেন উর্বশী। সেদিন তার পরনে ছিল ভারতের জাতীয় পতাকার রং ও প্রতীকের আদলে তৈরি একটি নজরকাড়া পোশাক।

উর্বশীর পোশাকে ছিল গেরুয়া, সাদা ও সবুজ ভারতের জাতীয় পতাকার তিনটি রং। পোশাকের মাঝখানে ছিল নীল রঙের অশোকচক্র। এর সঙ্গে ছিল সোনালি ঝালর। অব-শোল্ডার এই পোশাকের সঙ্গে উর্বশী পরেছিলেন বড় হীরের কানের দুল, হাতে রুপালি চুড়ি এবং আঙুলে ভারী একটি আংটি।

পোশাকের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় বিতর্ক। একাংশের দাবি, জাতীয় পতাকার আদলে পোশাক তৈরি করে তা পরা দেশের জাতীয় প্রতীকের প্রতি অসম্মান। অন্যদিকে অনেকে উর্বশীর প্রশংসা করে বলেছেন, তিনি নিজের পোশাকের মাধ্যমে আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করার চেষ্টা করেছেন।

বিতর্কের মাঝেই পোশাকটি নিয়ে নিজের বক্তব্যও জানান উর্বশী। তিনি বলেন, আমি বলেছিলাম, আমিই ভারত। তাই আজ নিজেকে ভারতবর্ষ বলেই মনে হচ্ছে। অভিনেত্রী আরও জানান, তার পোশাকটি ভারতের জাতীয় পতাকা থেকে অনুপ্রাণিত।

উর্বশীর জন্য এবারের অনুষ্ঠানটি ছিল আরও বিশেষ। কারণ ২০১৫ সালে তিনিই মিস ইউনিভার্স ইন্ডিয়ার মুকুট জিতেছিলেন এবং তার মাথায় মুকুট পরিয়েছিলেন সুস্মিতা সেন। এবার সেই সুস্মিতাও ছিলেন নির্বাচন কমিটির অংশ। মঞ্চে দাঁড়িয়ে সাবেক এই বিজয়ীর কথাও বিশেষভাবে স্মরণ করেন উর্বশী।

সূত্র: মানি কন্টোল