ই-পেপার

২৫০ শতাংশ শুল্কের হুমকিতে ভারত-পাকিস্তান যুদ্ধ থামিয়েছি, তবু নোবেল পেলাম না: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ২০২৫ সালে ভারত ও

আপডেট: ২৪ অক্টোবর ২০২৬, ১৮:০১
১০ ভিউ
২৫০ শতাংশ শুল্কের হুমকিতে ভারত-পাকিস্তান যুদ্ধ থামিয়েছি, তবু নোবেল পেলাম না: ট্রাম্প

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ২০২৫ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত থামাতে তিনি ২৫০ শতাংশ পর্যন্ত বাণিজ্য শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন। তার দাবি, এই হুমকির পর দুই দেশ গোলাগুলি বন্ধ করে।

যুক্তরাষ্ট্রের ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে স্থানীয় সময় শুক্রবার ফ্লোরিডায় এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প আবারও দাবি করেন, ভারত-পাকিস্তান সংঘাতসহ তিনি আটটি যুদ্ধের মীমাংসা করেছেন। এ সাফল্যের পরও নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় আক্ষেপ প্রকাশ করেন তিনি। রয়টার্সের ভিডিওর বরাতে এ তথ্য জানিয়েছে ইন্ডিয়া টুডে।

সমাবেশে ট্রাম্প বলেন, ভারত ও পাকিস্তান-দুটি পারমাণবিক শক্তিধর দেশকে তিনি সংঘাত থেকে থামিয়েছেন। এ ক্ষেত্রে বাণিজ্যকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিলেন তিনি।

ট্রাম্পের ভাষ্য, দুই দেশকে তিনি বলেছিলেন, সংঘাত চালিয়ে গেলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যের সুযোগ হারাতে হবে। একই সঙ্গে উভয় দেশের ওপর ২৫০ শতাংশ শুল্ক আরোপ করা হবে, যাতে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা করতে না পারে।

তিনি বলেন, এই হুমকিতে দুই দেশই অত্যন্ত বিচলিত ও ক্ষুব্ধ হয়ে উঠেছিল। এরপর তারা গোলাগুলি বন্ধ করে এবং যুদ্ধের অবসান ঘটে।

নিজের দাবিকৃত কূটনৈতিক সাফল্যের কথা তুলে ধরে ট্রাম্প বলেন, ‘আমি কি নোবেল পুরস্কার পেয়েছি? না।’ এর মধ্য দিয়ে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখার দাবি সত্ত্বেও নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশা প্রকাশ করেন তিনি।

গত বছর কাশ্মীরের পেহেলগামে প্রাণঘাতী সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত শুরু হয়। এরপর দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা ও পাল্টাপাল্টি হামলা চলে। সংঘাত থামানোর কৃতিত্ব ট্রাম্প একাধিকবার নিজের বলে দাবি করেছেন।

ভারত দাবি করে যে, ‘অপারেশন সিন্দুর’ এর সময় ভারত ও পাকিস্তানের মধ্যে যে যুদ্ধবিরতি হয়েছিল, তা কার্যকর হয় পাকিস্তানের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন্স (ডিজিএমও) এর অনুরোধে। পাকিস্তানের সামরিক বাহিনীর ডিজিএমও ভারতীয় সামরিক বাহিনীতে তার সমকক্ষকে সামরিক কার্যক্রম বন্ধের আহ্বান জানিয়েছিলেন।