রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের ওলেশকি শহরে মানবিক সহায়তা পৌঁছে
ছবি সংগৃহীত: ফাইল ছবি
অনলাইন ডেস্ক : রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের ওলেশকি শহরে মানবিক সহায়তা পৌঁছে দেয়া ও বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে যুদ্ধবিরতি চুক্তি করিয়েছেন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। যুদ্ধবিধ্বস্ত শহরটি ‘বিপর্যয়ের দ্বারপ্রান্তে’ রয়েছে বলে উল্লেখ করেছেন তিনি। আগামী সপ্তাহে এই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা রয়েছে।\
মার্কিন বার্তা সংস্থা এপির খবরে বলা হয়, শুক্রবার (২৩ অক্টোবর) ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের আলোচকেরা দক্ষিণ ইউক্রেনের খেরসন অঞ্চলের ওলেশকি শহরে মানবিক সহায়তা পৌঁছে দেয়ার বিষয়ে চুক্তিতে পৌঁছান। শহরটি বর্তমানে রাশিয়ার দখলে রয়েছে।
হোয়াইট হাউস জানায়, গত সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে একটি অনুষ্ঠানে ওলেশকির পরিস্থিতি সম্পর্কে জানার পর এ উদ্যোগ নেন মেলানিয়া। অন্য একটি বিষয়ে দুই দেশের কর্মকর্তাদের সঙ্গে কাজ করার সময় তিনি ওলেশকিকে ঘিরে আলোচনা শুরুর উদ্যোগ নেন। পরে রাশিয়া ও ইউক্রেনের নেতৃত্বের সঙ্গে সরাসরি কাজ করে যুদ্ধবিরতির শর্ত নির্ধারণ করেন তিনি ও তার একজন প্রতিনিধি।
ইউক্রেনের প্রধান মধ্যস্থতাকারী ও দেশটির মানবাধিকার বিষয়ক প্রতিনিধি দিমিত্রো লুবিনেৎস এপিকে জানান, স্থানীয় যুদ্ধবিরতি আগামী মঙ্গলবার থেকে শুরু হবে। মানবিক সহায়তা কার্যক্রম শুরুর দুই দিন আগে এ বিরতি কার্যকর হবে এবং কয়েক দিন স্থায়ী হতে পারে। তিনি বলেন, খেরসন অঞ্চল ও কার্যক্রম পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ পার্শ্ববর্তী এলাকাগুলোতে যুদ্ধবিরতি কার্যকর হবে। ভবিষ্যতে অন্যান্য মানবিক অভিযানের জন্যও এ উদ্যোগ একটি মডেল হতে পারে।
শুক্রবার লুবিনেৎস মেলানিয়া ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বলেন, চুক্তিটি বাস্তবায়ন করা কঠিন হবে। প্রথমে যুদ্ধবিরতি, এরপর জরুরি মানবিক সহায়তা পৌঁছে দেয়া এবং সবশেষে বেসামরিক নাগরিকদের ওলেশকি থেকে বেরিয়ে যাওয়ার সুযোগ দেয়া হবে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
লুবিনেৎস জানান, ওলেশকিতে মানবিক সহায়তা পৌঁছানোর আগে যাতায়াতের পথে থাকা স্থলমাইন সরানো হবে। এরপর ত্রাণসামগ্রী পৌঁছে দেয়া ও বেসামরিক নাগরিকদের সরিয়ে নেয়ার ব্যবস্থা করা হবে। তবে যুদ্ধবিরতি পর্যবেক্ষণ ও মানবিক সহায়তা কার্যক্রম বাস্তবায়নের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানাননি তিনি। আলোচনার সংবেদনশীলতার কারণে এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। মেলানিয়া ট্রাম্প ইউক্রেন সফর করবেন কি না, সে প্রশ্নেরও উত্তর দেননি তিনি।
রাশিয়ার জেনারেল স্টাফের প্রধান জেনারেল ভ্যালেরি গেরাসিমভ জানিয়েছেন, মঙ্গলবার মস্কোর সময় ভোর ৪টা থেকে খেরসন অঞ্চলে রুশ বাহিনী গোলাবর্ষণ বন্ধ রাখবে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় অনুযায়ী, এটি সোমবার গভীর রাত। ওলেশকির কাছে মানবিক অভিযান পরিচালনার জন্যই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।
গেরাসিমভ আরও বলেন, রুশ বাহিনী ‘প্রকৌশলগত অনুসন্ধান’ চালাবে এবং শহরে মানবিক সহায়তাবাহী বহরের নিরাপদ চলাচল নিশ্চিত করবে। রাশিয়ার মানবাধিকার বিষয়ক কর্মকর্তা ইয়ানা লান্ত্রাতোভাও ওলেশকিতে মানবিক অভিযান আয়োজনের বিষয়ে মেলানিয়া ট্রাম্পের মধ্যস্থতায় চুক্তি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ উদ্যোগের জন্য মেলানিয়া ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি জানান, সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ উদ্যোগ নিয়ে আলোচনা করেছেন।