ই-পেপার

মহাকাশে ১০ লাখ স্যাটেলাইট বসাবে স্পেসএক্স

মহাকাশে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) পরিচালনা ও বিপুল পরিমাণ ডেটা

আপডেট: ২৭ নভেম্বর ২০২৬, ১০:১৭
১৬ ভিউ
মহাকাশে ১০ লাখ স্যাটেলাইট বসাবে স্পেসএক্স

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক : মহাকাশে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) পরিচালনা ও বিপুল পরিমাণ ডেটা প্রক্রিয়াকরণের অবকাঠামো গড়তে ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সকে ১০ লাখ স্যাটেলাইট বা কম্পিউটিং মডিউল স্থাপনের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার দেশটির ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি) এ অনুমোদন দেয়। যুক্তরাষ্ট্রের ইতিহাসে মহাকাশে ডেটা সেন্টার স্থাপনের এমন পরিকল্পনা এটিই প্রথম অনুমোদন পেল।

এফসিসির ভাষ্য, প্রকল্পটি যুক্তরাষ্ট্রের দ্রুত বিকাশমান সুপার ইন্টেলিজেন্স বা অতি উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা খাতকে এগিয়ে নিতে সহায়তা করবে। সংস্থাটির মতে, এর মাধ্যমে এমন এক সভ্যতার সম্ভাবনা তৈরি হচ্ছে, যেখানে সূর্যের সম্পূর্ণ শক্তি কাজে লাগানো সম্ভব হবে। এফসিসির চেয়ারম্যান ব্রেন্ডন কার বলেছেন, সুপার ইন্টেলিজেন্সের যুগে যুক্তরাষ্ট্র বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে।

স্পেসএক্সের পরিকল্পনায় মহাকাশে স্থাপিত স্যাটেলাইট বা কম্পিউটিং মডিউলগুলো ডেটা প্রক্রিয়াকরণের কাজে ব্যবহৃত হবে। পৃথিবীতে এআই প্রযুক্তির বিস্তারের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডেটা সেন্টারের চাহিদা। এসব কেন্দ্র পরিচালনায় বিপুল বিদ্যুৎ ও পানির প্রয়োজন হওয়ায় পরিবেশের ওপর চাপ তৈরি হচ্ছে। এ সমস্যা মোকাবিলায় মহাকাশে ডেটা সেন্টার গড়ে তোলাকে বিকল্প হিসেবে দেখছেন প্রকল্পটির সমর্থকেরা।

**মহাকাশে ডেটা সেন্টারের পরিকল্পনা কেন**

পৃথিবীতে ডেটা সেন্টার নির্মাণ ও পরিচালনার জন্য বিপুল জমি, বিদ্যুৎ ও পানির প্রয়োজন হয়। এ অবকাঠামোর পরিবেশগত প্রভাবের পাশাপাশি বিদ্যুৎ গ্রিডের ওপর চাপও বাড়ছে। প্রযুক্তি খাতের উদ্যোক্তারা মনে করছেন, মহাকাশে ডেটা সেন্টার স্থাপন এ চাপ কমানোর সম্ভাব্য উপায় হতে পারে।

এফসিসির কাছে জমা দেওয়া আবেদনে স্পেসএক্স জানিয়েছে, মহাকাশে প্রায় নিরবচ্ছিন্ন সৌরশক্তি সরাসরি ব্যবহার করা যাবে। এতে পরিচালনা ও রক্ষণাবেক্ষণের ব্যয় তুলনামূলক কম রাখা সম্ভব হবে। প্রতিষ্ঠানটির দাবি, সৌরশক্তির এই সুবিধা কাজে লাগিয়ে স্যাটেলাইটগুলো ব্যয় ও জ্বালানি ব্যবহারে রূপান্তরমূলক দক্ষতা অর্জন করবে। পাশাপাশি পৃথিবীতে ডেটা সেন্টার পরিচালনার কারণে সৃষ্ট পরিবেশগত প্রভাবও উল্লেখযোগ্যভাবে কমবে।

তবে এই পরিকল্পনার বাস্তবায়ন নিয়ে সংশয় রয়েছে। সমালোচকদের মতে, মহাকাশে ডেটা সেন্টার পরিচালনার প্রযুক্তি এখনো পূর্ণাঙ্গভাবে বিকশিত হয়নি। ফলে বাস্তবে এ ধরনের অবকাঠামো গড়ে তুলতে আরও দীর্ঘ সময় প্রয়োজন হতে পারে।

**তাপ নিয়ন্ত্রণ ও সংঘর্ষের শঙ্কা**

মহাকাশে ডেটা সেন্টার স্থাপনের সম্ভাবনার পাশাপাশি বড় ধরনের প্রযুক্তিগত ও অর্থনৈতিক চ্যালেঞ্জও রয়েছে। যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থা গভর্নমেন্ট অ্যাকাউন্টেবিলিটি অফিস (জিএও) গত জুলাইয়ে প্রকাশিত এক প্রতিবেদনে বলেছে, মহাকাশভিত্তিক ডেটা সেন্টার পৃথিবীতে এ ধরনের অবকাঠামো নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি, বিদ্যুৎ ও পানির চাহিদা কমাতে পারে। তবে প্রকল্প বাস্তবায়নে প্রকৌশলগত ও অর্থনৈতিক বাধা মোকাবিলা করতে হবে।

জিএওর প্রতিবেদনে বিশেষভাবে কম্পিউটিং যন্ত্রপাতির উৎপন্ন তাপ নিয়ন্ত্রণের বিষয়টি তুলে ধরা হয়েছে। ডেটা সেন্টারের যন্ত্রপাতি প্রচুর তাপ উৎপন্ন করে। মহাকাশে এসব যন্ত্র কার্যকরভাবে ঠান্ডা রাখা কঠিন হওয়ায় তাপ নিয়ন্ত্রণ বড় প্রকৌশলগত সমস্যায় পরিণত হতে পারে। এ ছাড়া কক্ষপথে বিপুলসংখ্যক স্যাটেলাইট স্থাপন করা হলে সেগুলোর ব্যবস্থাপনা জটিল হয়ে উঠবে। একই সঙ্গে স্যাটেলাইটগুলোর মধ্যে সংঘর্ষের ঝুঁকিও বাড়তে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।

**ধাপে ধাপে স্যাটেলাইট স্থাপনের শর্ত**

এফসিসির অনুমোদনে স্পেসএক্সের জন্য কয়েকটি সময়সীমা নির্ধারণ করা হয়েছে। ২০৩৩ সালের নভেম্বরের মধ্যে প্রতিষ্ঠানটিকে স্যাটেলাইট স্থাপনের কাজ শুরু করতে হবে। পরবর্তী দুই বছরের মধ্যে, অর্থাৎ ২০৩৫ সালের নভেম্বরে অনুমোদিত মোট সংখ্যার অন্তত ১০ শতাংশ বা ১ লাখ স্যাটেলাইট কক্ষপথে স্থাপন করতে হবে।

এ ছাড়া ২০৩৮ সালের নভেম্বরের মধ্যে অনুমোদিত স্যাটেলাইটের ৫০ শতাংশ স্থাপনের বাধ্যবাধকতা রয়েছে। তবে অনুমোদন পেলেও স্পেসএক্স শেষ পর্যন্ত মহাকাশে পূর্ণ ১০ লাখ স্যাটেলাইট স্থাপন করবে কি না, তা এখনো নিশ্চিত নয়।