ই-পেপার

তামিলনাড়ুতে বাবাদের মিলবে ১৫ দিনের ছুটি

সন্তানের জন্মের সময় বাবার উপস্থিতি ও সহযোগিতা নিশ্চিত করতে

আপডেট: ২৬ নভেম্বর ২০২৬, ২২:০৪
৩ ভিউ
তামিলনাড়ুতে বাবাদের মিলবে ১৫ দিনের ছুটি

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক : সন্তানের জন্মের সময় বাবার উপস্থিতি ও সহযোগিতা নিশ্চিত করতে পুরুষ সরকারি কর্মীদের জন্য ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি চালু করেছে ভারতের তামিলনাড়ু রাজ্য সরকার। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় রাজ্যে প্রথমবারের মতো এ সুবিধা দেওয়ার ঘোষণা দেন।

নতুন বিধান অনুযায়ী, বিবাহিত পুরুষ সরকারি কর্মীরা সন্তানের সম্ভাব্য জন্মতারিখের ১৫ দিন আগে থেকে অথবা জন্মের পরবর্তী ছয় মাসের মধ্যে সুবিধাজনক যেকোনো সময়ে ছুটি নিতে পারবেন। মুখ্যমন্ত্রীর কার্যালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্যে সরকারি চাকরিজীবী পুরুষদের জন্য এটাই প্রথম ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটির ব্যবস্থা।

সরকারের ভাষ্য, সন্তান জন্মের সময় মা ও নবজাতকের বিশেষ যত্ন প্রয়োজন। এ সময়ে মাকে শারীরিক ও মানসিকভাবে সহায়তা করার পাশাপাশি শিশুর দেখভালেও বাবার অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। এ বিবেচনা থেকেই নতুন ছুটির ব্যবস্থা করা হয়েছে।

তামিলনাড়ুতে নারী সরকারি কর্মীরা আগে থেকেই ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি পেয়ে আসছেন। বিপরীতে, পুরুষ কর্মীরা দীর্ঘদিন ধরে পিতৃত্বকালীন ছুটির দাবি জানিয়ে আসছিলেন। তাঁদের সেই দাবির বিষয়টি বিবেচনা করে এবার ১৫ দিনের ছুটি অনুমোদন দিয়ে আদেশ জারি করেছে রাজ্য সরকার।

এদিকে, দুই মাস আগেও মাতৃত্বকালীন ছুটি নিয়ে একটি সিদ্ধান্ত নিয়েছিল বিজয়ের সরকার। তখন নারী সরকারি কর্মীদের তৃতীয় সন্তানের জন্মের ক্ষেত্রেও ৩৬৫ দিনের ছুটি দেওয়ার ঘোষণা দেওয়া হয়। এর ফলে প্রথম দুই সন্তানের পাশাপাশি তৃতীয় সন্তানের ক্ষেত্রেও একই মেয়াদের মাতৃত্বকালীন ছুটির সুবিধা নিশ্চিত করা হয়।

সূত্র: ইন্ডিয়া টুডে